পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে নাগরিকদের সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে ‘ক্লিন সিটি ক্যাম্পেইন’ চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
এ উপলক্ষে শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
পরে শোভাযাত্রাটি চেরাগী পাহাড়, বৌদ্ধ মন্দির ও লাভলেইন হয়ে সিআরবি শিরীষতলায় গিয়ে শেষ হয়।
এ সময় ক্যাম্পেইনের অংশ হিসেবে নাগরিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন চিত্রনায়ক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।
চসিক মেয়র বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন রাখার কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াতে ‘ক্লিন সিটি ক্যাম্পেইন’ পরিচালনা করেছি। আমরা চাই, জনগণ যাতে যত্রতত্র ময়লা, পলিথিন না ফেলে। জনগণ আমাদের সহযোগিতা করলে নগরীকে পরিচ্ছন্ন রাখতে আমার যে পরিকল্পনা নিয়েছি তা বাস্তবায়িত হবে, গড়ে উঠবে ‘ক্লিন চট্টগ্রাম’।
ফেরদৌস আহমেদ বলেন, চট্টগ্রামের মতো এত পাহাড়, বন, ফুলঘেরা সুন্দর শহর আর নেই। কিন্তু এ সুন্দর শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন জনগণের সচেতন আচরণ। আজকের এ ক্যাম্পেইনের মাধ্যমে বিশেষ করে তরুণদের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চাই আমরা।
ক্যাম্পেইনে চসিকের কাউন্সিলর, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, মেয়রের একান্ত সচিব আবুল হাশেমসহ চসিকের কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, যুব রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট চসিক, বিডি ক্লিন ও ইপসাসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং হাজারো নাগরিক অংশ নেন।
মনির/ইসরাত চৈতি/অমিয়/