কক্সবাজারে পাহাড়ধসে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ জুন) ভোররাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাদশাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির।
নিহতরা হলেন- বাদশাঘোনা এলাকার নজির হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৬) ও তার স্ত্রী মাইমুনা আক্তার (২০)। নিহত আনোয়ার স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তার স্ত্রী মাইমুনা ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছিল। রাত ৩টার দিকে মুষলধারে বৃষ্টি হয়। একপর্যায়ে পাহাড়ের খাদের নিচে থাকা তাদের ঘরটির ওপর বড় একখণ্ড মাটি পড়ে। এতে দুজনই চাপা পড়েন।
কাউন্সিলর হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনার পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করেন। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।’
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মুহিববুল্লাহ মুহিব/জোবাইদা/