ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কাজী ইকবাল হোসেন নামে একজন সহকারী প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পৌর মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন করে ছাত্ররা।
মানববন্ধন থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা জানায়, আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ইকবাল হোসেন একজন আওয়ামীলীগের দোসর। ফ্যাসিবাদী সরকারের আমলে প্রকাশ্যে আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন। সাবেক আইনমন্ত্রীর নির্বাচনী এজেন্টও ছিলেন। ছিলেন সাবেক মেয়র কাজল বাহিনীর ঘনিষ্টজন। অবৈধ নির্বাচনী এজেন্ট ও কৌশলী নিয়োগের প্রধান ছিলেন এই ইকবাল হোসেন। সম্প্রতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ার পর বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। তার ফ্যাসিবাদী চরিত্র বদলায়নি। এই অবস্থায় আমরা তার অপসারণ দাবি করছি।মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন ইকবাল জামান নিশাদ, জুবায়েত খান ও আশিক নেওয়াজ প্রমুখ।
মানববন্ধন শেষে বৈষম্যবিরোধী ছাত্ররা কাজী ইকবাল হোসেনের অপসারণ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেন।
এদিকে শিক্ষক কাজী ইকবাল হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, একজন লাইব্রেরিয়ানকে নবম ও দশম শ্রেণীর ক্লাস করতে না দেওয়ায় একটি পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার করছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি জানান, শিক্ষকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্ররা অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
জুটন বনিক/মাহফুজ