গাজীপুরে এক কলেজশিক্ষার্থীকে (২০) ধর্ষণের অভিযোগে মামলার পর নজরুল ইসলাম (৬০) নামে এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মহানগরীর দিঘিরচালা এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ওই শিক্ষার্থী ধর্ষণের মামলা করার পর নজরুলকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ।
গ্রেপ্তার নজরুল ইসলাম চাঁদপুরের কচুয়া থানার চাঁনপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় দিঘিরচালা এলাকায় রবিন সরকারের বাড়িতে ভাড়া থেকে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।
মামলার এজাহার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী দিঘিরচালা এলাকায় বসবাস করে স্থানীয় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষে লেখাপড়া করেন। লেখাপড়ার খরচ জোগাতে কিছুদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় চাকরি খুঁজছিলেন। গত শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জরুরি প্রয়োজনে গ্রামের বাড়ি জামালপুরের উদ্দেশে রওনা দেন। পরে বাসন থানার দিঘিরচালা বাচ্চু সরকারের বাড়ির সামনে পৌঁছালে নিরাপত্তাকর্মী নজরুল ইসলাম তাকে গতিরোধ করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাকে বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন। পরে রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ওই শিক্ষার্থী বাদী হয়ে বাসন থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেপ্তার করে।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহম্মেদ বলেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী থানায় মামলা করেছেন। পরে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পলাশ/মেহেদী/