জামালপুরের ইসলামপুরে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালীন দায়িত্বে অবহেলার অভিযোগে আট শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান ওই শিক্ষকদের বহিষ্কার করেন।
বহিষ্কৃত শিক্ষকরা হলেন- সভুকুড়া মূলপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিপন মিয়া, গাফিলতির অভিযোগে সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান, ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক রিদুয়ানুল হক, হাড়িয়াবাড়ী দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কাশেম, পচাবহলা দাখিল মাদ্রাসার সেলিম মিয়া, মরাকান্দী দাখিল মাদ্রাসার শহিদুল ইসলাম, কান্দারচর দাখিল মাদ্রাসার বিপুল রানা ও রামভদ্রা দাখিল মাদ্রাসার মোস্তাফিজুর রহমান।
ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, 'পরীক্ষার পরিবেশ যাতে সুষ্ঠু ও স্বচ্ছ থাকে, সে বিষয়ে আমরা কঠোর নজরদারি করছি। কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।
চলতি বছর ইসলামপুর উপজেলায় ১০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ৪ হাজার ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে মাধ্যমিকে ২ হাজার ৭৭৪ জন, দাখিলে ৯০৫ জন এবং ভোকেশনালে ৫৪৮ জন পরীক্ষার্থী রয়েছে।
আসিফ/মেহেদী/