চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে চুরি ও ধর্ষণ মামলার দুই আসামি পলাশ কান্তি বনিক (৪৫) ও বজল আহমদকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৩ জুন) দুপুরে র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার (২২ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরের ইপিজেড এবং হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে চুরি ও ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আসামিদের ইপিজেড ও হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
চুরির মামলায় গ্রেপ্তার পলাশ কান্তি বনিক চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদলা এলাকার বাসিন্দা। অপরদিকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা
বজল আহমদ বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গত ১১ জুন পলাশ কান্তি বনিকের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানায় চুরির মামলা হয় (মামলা নং- ০২)। গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে আসামি চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর সিমেন্ট ক্রসিং এলাকায় অবস্থান করছে। রবিবার সেখানে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে গত বছরের ২৫ আগস্ট বাঁশখালী থানায় আসামি বজল আহমদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয় (মামলা নং-১৫)। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রবিবার রাতে হাটহাজারী থানাধীন ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে র্যাব।
মেহেদী/