সিলেটের কানাইঘাটে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৪ জুলাই) তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- শুভংকর দাস (২৭), বাবুল আহমদ (২৮) ও ফাহাদ মিয়া (২৫)।
এর আগে, গত মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গত ১ জুলাই সন্ধ্যার পর ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে তার বাড়ির পাশে রাস্তায় একা পেয়ে শুভঙ্কর নামে এক মাইক্রোবাসচালক জোর করে মাইক্রোতে তুলে নিয়ে যায়। তাকে সহযোগিতা করে কচুপাড়া গ্রামের বাবুল আহমদ ও ফাহাদ মিয়া। এরপর রাত ১০টার দিকে ওই কিশোরীকে জখম অবস্থায় কানাইঘাটের কায়স্তগ্রাম এলাকায় রাস্তার পাশে পাওয়া যায়। স্থানীয় লোকজন ভুক্তভোগীকে উদ্ধার করে তার বাড়িতে পাঠিয়ে দেয়।
পরে বৃহস্পতিবার বিকেলে পরিবারের লোকজন ওই কিশোরীকে নিয়ে কানাইঘাট থানায় গেলে পুলিশ ভুক্তভোগীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠায় এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযানে নামে। বৃহস্পতিবার রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল খবরের কাগজকে বলেন, এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সালমান/