ঝালকাঠির নলছিটিতে তালাক দেওয়ার পর ১৭ দিন আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে প্রাক্তন স্বামী গোলাম রাব্বির বিরুদ্ধে।
গোলাম রাব্বি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠী এলাকার বাসিন্দা।
শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলা প্রেসক্লাবে ভুক্তভোগী নারী সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে ভুক্তভোগী নারী বলেন, ‘২০১৯ সালের ২ আগস্ট গোলাম রাব্বির সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর সে আমার কাছে যৌতুক দাবি করে শারিরীক নির্যাতন চালায়। পরে আমার পরিবার থেকে তাকে ৭ লাখ টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে আমাকে বরিশাল বেলতলার এক ভাড়ায় করা বাসায় রেখে প্রবাসে চলে যান। প্রবাসে থাকার সময়ে বিভিন্ন কথা প্রসঙ্গে আমাকে মৌখিক তালাক দেয় এবং চলে যাওয়ার কথা বলে।
পরে আমি কাজীর মাধ্যমে ১৬ ফেব্রুয়ারি রাব্বিকে তালাক দেই। সে বিদেশ থেকে আসার পরদিন গত ১৯ মার্চ আমি ঢাকায় আমার বড় বোনের বাসায় চলে যাই। সেখান থেকে নিয়ে এসে আমাকে গত ২৯ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বেলতলার সেই ভাড়ায় থাকা বাসায় তালাবদ্ধ করে রাখে এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরে আমি তার বাসা থেকে পালিয়ে আসি।
পরে দপদপিয়া কয়া এলাকার ইমদাদুল হকের ছেলে জাহিদুল ইসলামের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পরে আমার বিরুদ্ধে আদালতে স্বর্ণ ও নগদ টাকা নেওয়ার মিথ্যা মামলা দেয় রাব্বি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেয়। মিথ্যা মামলা দেওয়ার কারণে ১৩ দিন কারাগারে থাকার পরে আমার জামিন হয়। আমাদের হত্যাসহ বিভিন্ন হুমকি দেয় রাব্বি। এখন আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।’
এদিকে অভিযুক্ত রাব্বি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এগুলো মিথ্যা ও ভিত্তিহীন।’
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীর বর্তমান স্বামী জাহিদুল ইসলাম ও শ্বশুর ইমদাদুল হক উপস্থিত ছিলেন।
রিফাত/পপি/