খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আবারও অশান্ত হতে শুরু করেছে। এরই মধ্যে শিক্ষক সমিতি ১৮ ফেব্রুয়ারি শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় বিচারের দাবিতে ৭ দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনে অবস্থান ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি রয়েছে।
এর আগে কুয়েটে শিক্ষার্থীদের আচরণবিধি ও নিয়মশৃঙ্খলা রক্ষায় গঠিত ডিসিপ্লিনারি কমিটিতে পরিবর্তন আনার খবর পাওয়া যায়। এ নিয়ে শিক্ষকদের একটি অংশের মধ্যেও অসন্তোষ রয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গঠিত ডিসিপ্লিনারি কমিটিতে বিগত সরকারের সময় সুবিধাভোগী ও বিতর্কিতদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে।
জানা যায়, একই দিনে ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক ড. আবদুল্লাহ ইলিয়াস আক্তার ও শহিদ স্মৃতি হলের প্রভোস্ট ড. আবু ইউসুফকে অব্যাহতি দেওয়া হয়। তারা দুজনেই ডিসিপ্লিনারি কমিটির সদস্য ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে একজন শিক্ষকের ছবিও সমালোচনা তৈরি করছে।
কুয়েট শিক্ষক সমিতি সেক্রেটারি ড. মো. ফারুক হোসেন বলেন, ‘শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিচারিক কার্যক্রমের জন্য শিক্ষক সমিতির দেওয়া তিন সপ্তাহ সময় পার হলেও তিনি (ভিসি) কোনো পদক্ষেপ নেননি। বরং তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন, তা বিভ্রান্তিকর। ডিসিপ্লিনারি কমিটি পরিবর্তন করে তিনি নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন। ছাত্রকল্যাণ পরিচালকের দায়িত্বে থাকা ছাত্রবান্ধব একজন শিক্ষককে সরিয়ে সেখানে বিতর্কিত একজনকে আনা হয়েছে। একজন হল প্রভোস্টকে সরিয়ে দেওয়া হয়েছে। একটি ইনস্টিটিউটের পরিচালককে সরিয়ে দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিচারের দাবিতে শিক্ষক সমিতি আবারও নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। শিক্ষকরা ২৬ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ ও প্রতিদিন বেলা সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করবেন।’
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার ঘটনার পর থেকে নানা টানাপোড়নে কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। এরপর ৫ মাস ১০ দিন কুয়েট বন্ধ থাকার পর ২৯ জুলাই থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়।