পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রূপপুর প্রকল্পের দুই শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের আলহাজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন, উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের শাহজাহান আলীর ছেলে রাব্বি হোসেন (২৭) ও একই ইউনিয়নের মানিকনগর গ্রামের গোলাম রসুল মুন্সির ছেলে নিশান মুন্সি (২২)। নিহত রাব্বি ও নিশান দুইজনই রূপপুর রূপপুর প্রকল্পের চাকরি করতেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, রাব্বি ও নিশান ঈশ্বরদী শহর ঘুরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। শহরের আলহাজ মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে রাব্বি ও নিশান গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার দিয়ে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে রাব্বি ও আজ রবিবার সকালে নিশান মারা যায়।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও ওয়্যার হাউজ ইনচার্জ মীর আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত দুজনকে জীবিত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে
জাহাঙ্গীর হোসেন/অমিয়/