চট্টগ্রামের সাতকানিয়ার একটি খাল থেকে আবুল কালাম (৫০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) বিকাল ৪টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা এলাকার এনবিএল ইটভাটা সংলগ্ন একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়, পরে পুলিশের একটি টিম মরদেহটি থানায় নিয়ে যায়।
নিহত আবুল কালাম উপজেলার কালিয়াইশ ইউনিয়নের তিন নং ওয়ার্ডের রসুলাবাদ গ্রামের পেয়াদার পাড়া এলাকার মৃত হামিদ বকসুর ছেলে, তিনি তিন সন্তানের বাবা বলে জানা গেছে।
নিহতের বড় ভাই আবুল কাশেম জানান, তার ভাই আবুল কালাম সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন তিনি এনবিএল ব্রিক ফিল্ড এলাকায় তেল পৌঁছে দিতে গিয়েছিলেন। সোমবার দুপুর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কালামের অটোরিকশা এনবিএল ইটভাটা এলাকার একটি দোকানের সামনে পড়ে থাকার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে খালে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে। মৃতের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মৃত আবুল কালামের ছেলে বলেছেন- তার বাবা মাদকাসক্ত ছিলেন। তবুও ঘটনাটি কী এবং কীভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
আরিফুল ইসলাম/নাঈম