চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ‘ইয়াম্মি ফুড প্রোডাক্ট’ নামে একটি অবৈধ আচার তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাপিতেরচর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে আচার উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণের দায়ে ‘ইয়াম্মি ফুড প্রোডাক্ট’-এর মালিক রিয়াদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ২৪৯ কার্টুন আচার ও আচার তৈরির মেশিন জব্দ করা হয়।
এ ছাড়াও বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর আচার তৈরির সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
জানা গেছে, চট্টগ্রাম জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান অভিযানটি পরিচালনা করেন। ‘ইয়াম্মি ফুড প্রোডাক্ট’ নামে ওই অবৈধ কারখানার মালিক রিয়াদুল ইসলাম দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে আচার উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিলেন। এসব আচার বার্মিজ আচারের মতো হুবহু প্যাকেজিং করা হতো। তাদের তৈরি আচারগুলো কক্সবাজার ও চট্টগ্রামসহ আশপাশের উপজেলায় সরবরাহ করা হচ্ছিল।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মালিককে অর্থদণ্ডের পাশাপাশি অস্বাস্থ্যকর আচার তৈরির সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়াও কারখানাটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরিফুল ইসলাম/রিফাত/