ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মুক্তিযোদ্ধার নামে সরকারি ব্যয়ে নির্মিত বাড়ি ‘বীর নিবাস’ কয়েলের গোডাউন হিসেবে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌরশহরের ৭নং ওয়ার্ডের ধামদী জেলেপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের নামে বাড়ি করে দেয় সরকার। কিন্তু মুক্তিযোদ্ধা আবু তাহের ওই বাড়িতে বসবাস না করে তার এক আত্মীয় ধামদী গ্রামের মৃত সুলতানের ছেলে শাহ আলমের কাছে বাড়িটি ভাড়া দেন। এই শাহ আলম ‘ফ্যামিলি কয়েল’-এর স্থানীয় পরিবেশক। এই বাড়িটি ভাড়া নিয়ে তিনি কয়েলের গোডাউন করে রেখেছেন।
স্থানীয়রা জানান, ওই মুক্তিযোদ্ধা ময়মনসিংহ থাকেন। সরকারি বাড়িটি কয়েলের গোডাউন হিসেবে ভাড়া দিয়ে রেখেছেন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সরেজমিনে গিয়ে দেখা যায়, বীর নিবাসটি বর্তমানে ফ্যামিলি মশার কয়েল, বাংলা সল্টেড বিস্কুট ও মানহীন শিশুখাদ্যের গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এ প্রসঙ্গে ব্যবসায়ী শাহ আলম বলেন, ‘উনি (মুক্তিযোদ্ধা আবু তাহের) আমার ফুপা। তিনি সপরিবারে ময়মনসিংহ শহরে থাকেন।’
এ প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরকে মোবাইল ফোনে কল দিলে তিনি বলেন, ‘আপনি যা করার করেন। আমারও অনেক সাংবাদিক আছে।’
এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক হাবিবুর রহমান হলুদ বলেন, ‘বীর নিবাসকে গোডাউন হিসেবে ভাড়া দেওয়া ঠিক হয়নি। এ বিষয়ে আমি তাকে বলে দেব।’
এ বিষয়ে আরও জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানকে একাধিকবার ফোন, এসএমএস করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফয়সল/অমিয়/