ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের ৬৬ আইনজীবীর বিরুদ্ধে করা মামলার প্রতিবেদন আগামী ২৯ ফেব্রুয়ারি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন।
আজ মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় নতুন দিন ধার্য করেন আদালত। কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক আশরাফ আলী এসব তথ্য জানান।
ওই মামলার অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, কামরুল ইসলাম সজল, মাহবুবুর রহমান খান, মো. ওমর ফারুক ফারুকী, আব্দুল খালেক মিলন, খোরশেদ আলম মিয়া, জহুরুল ইসলাম মুকুল, মোহাম্মদ আলী, দেওয়ান রিপন, হাজি মোহাম্মদ মহাসিন, মুজাহিদুল ইসলাম সায়েম, আব্দুল্লাহ আল মামুন, শাম্মী আক্তার, মোসাম্মৎ হিরা প্রমুখ।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত ১২ সেপ্টেম্বর দুপুরে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের ঢাকা বার ইউনিটি। ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে বের করা পদযাত্রা মিছিল প্রধান সড়কে এলে পুলিশ বাধা দেয়। ওই সময় আইনজীবীরা রাস্তায় বসে পড়লে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ব্যর্থ হয়ে পুলিশ লাঠিপেটা করে। পরে পুলিশের বাধা উপেক্ষা করে সংগঠনটির নেতা-কর্মীরা সিএমএম আদালতের প্রধান ফটকে অবস্থান নেন। সেখানে পুলিশ বাধা দিতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ওই দিন রাতে কোতোয়ালি থানায় উপপরিদর্শক মো. শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেন।