গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে সাত দিনের আদালত বর্জন কর্মসূচির চতুর্থ দিন ছিল বৃহস্পতিবার (৪ জানুয়ারি)। এদিন ঢাকায় সুপ্রিম কোর্ট ও জজকোর্টে আদালত বর্জন করেছেন বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মূল গেট থেকে ভবনের বারান্দায় অবস্থান নিয়ে লিফলেট বিতরণ ও সরকারবিরোধী স্লোগান দেন আইনজীবীরা। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘আমরা চাই আইনের শাসন ও বিচার বিভাগ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করুক। আমরা আদালতের বিরুদ্ধে নই। কিন্তু আমরা এ আন্দোলনের মাধ্যমে সবাইকে স্মরণ করে দিতে চাই যে আদালত জনগণের জন্য।’
কর্মসূচিতে অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
এদিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণেও জেলা বিএনপির আইনজীবীরা মিছিল করেন। মিছিলটি ঢাকা সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়। বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেছেন তারা। ঢাকা বারের সাবেক সভাপতি মোহসীন মিয়া, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, মোসলেহ উদ্দিন জসিম, ওমর ফারুক ফারুকী, জামায়াতপন্থি ল’ইয়ার্স কাউন্সিলের নেতা এস এম কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাক প্রমুখ কর্মসূচিতে অংশ নেন।