স্কলাস্টিকার ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানা লায়লা চৌধুরীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলার অভিযোগপত্রে এক আসামিকে অব্যাহতি দেওয়ায় নারাজির আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর আদালতে এই নারাজি আবেদন দাখিল করেন ইভানার বাবা মামলার বাদি আমান উল্লাহ চৌধুরী।
মামলার এজাহারে বলা হয়, ইভানা লায়লা চোধুরীর স্বামী ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ (রুম্মান) অপর এক নারী আইনজীবীসহ একাধিক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি ব্যারিস্টার মাহমুদের মোবাইল ফোন থেকে প্রমাণ পায় তার স্ত্রী ইভানা। এরপর ইভানাকে কৌশলে চিকিৎসার জন্য কিডনি বিশেষজ্ঞের কাছে নিয়ে যান তার স্বামী। সেখানে চিকিৎসক এবং তার স্বামী মিলে অপচিকিৎসার মাধ্যমে ইভানাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে ইভানা আত্মহত্যার পথ বেছে নেয়। এ আত্মহত্যার জন্য দায়ী ইভানার স্বামী ব্যারিস্টার মাহমুদ ও নেফ্রোলজিস্ট প্রফেসর এম মুজিবুল হক মোল্লাকে আসামি করা হয়।
এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। পিবিআই এর কর্মকর্তা তদন্ত শেষে ব্যারিস্টার মাহমুদকে অভিযুক্ত করা হলেও এম মুজিবুল হক মোল্লাকে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। ফলে এই প্রতিবেদন পক্ষপাতদুষ্ট উল্লেখ করে আদালতে নারাজি আবেদন করেন আমানউল্লাহ চৌধুরী। বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন মামলার বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার সরোয়ার হোসেন।
সবুজ/এমএ/