রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে একটি ফ্ল্যাটের ৯ তলার বারান্দা থেকে পড়ে প্রীতি (১৫) নামে এক গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় গৃহকর্তা দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
বুধবার (৭ ফেব্রুয়ারি) তাদের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আদালতে গ্রেপ্তার দুইজনের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।’
এর আগে দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর থানায় মামলা করেন নিহত প্রীতির বাবা লোকেশ উড়ান। মামলার পর আসামিদের আদালতে পাঠানো হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) তোফাজ্জল হোসেন খবরের কাগজকে বলেন, ‘নিহত গৃহকর্মী প্রীতির বাবা লোকেশ উড়ান বাদী হয়ে ৩০৪-এর (ক) ধারায় মামলা করেছেন। মামলার পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে। তা ছাড়া আটক অন্যদের (সৈয়দ আশফাকুল হকের মেয়ে আফরিন হক, ছেলে সৈয়দ আনাফ মাহমুদ, ভায়রা আল রাজি মাহবুব ও শ্যালিকা রাজিয়া খন্দকার) ছেড়ে দেওয়া হয়েছে।’
এর আগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ৯ তলা থেকে পড়ে প্রীতি নিহত হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকার, মেয়ে আফরিন হক, ছেলে সৈয়দ আনাফ মাহমুদ, ভায়রা আল রাজি মাহবুব ও শ্যালিকা রাজিয়া খন্দকারকে আটক করে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে গতকাল মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা জানিয়েছিলেন, গত বছরের ৬ আগস্ট একই গৃহকর্তার বাসা থেকে ফেরদৌসী নামে এক গৃহকর্মী রহস্যজনকভাবে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। দীর্ঘদিন সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিল। এই ঘটনায় আহত গৃহকর্মীর মা জোছনা বেগম তিনজনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার আসামি ছিলেন সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকার ও আসমা আক্তার শিল্পী নামের আরেকজন।
ওসি মাহফুজুল হক বলেন, একটি জায়গা থেকে বারবার একই ধরনের ঘটনা ঘটছে, বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। এর আগে ফেরদৌসী নামে ওই গৃহকর্মী প্রাণে বেঁচে গেলেও আজ প্রীতি নামের ওই গৃহকর্মী একই কায়দায় নিচে পড়ে যায় এবং সে মারা যায়। নিহত প্রীতি দুই বছর ধরে সৈয়দ আশফাকুল হক ও তার শাশুড়ির বাসায় কাজ করত।
মোহাম্মদপুরে বহুতল ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, আটক ৬
তুলি/অমিয়/