সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের (লোটাস কামাল) ব্যবসায়িক অংশীদার মোহাম্মদ আবু নোমানসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বুধবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের করা পৃথক আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লি. এর সাবেক ডিএমডি মাহমুদ হাসান এবং প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জান্নাতুন নেসা জাকিয়া।
দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের পরিচালক অনুসন্ধানি দলের দলনেতা মো. আবুল হাসনাত মোহাম্মদ আবু নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, তার স্ত্রী কাশমিরী কামাল এবং তাদের দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণ, দুবাইয়ে সম্পত্তি গড়া, শেয়ার কারসাজি এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করে বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামালের ব্যবসায়িক অংশীদার মোহাম্মদ আবু নোমান কানাডা ও দুবাইয়ের স্থায়ী নাগরিক। তার মালিকানাধীন সব মেডিকেল চেকআপ সেন্টার স্থায়ীভাবে বন্ধ করা এবং তার সব সম্পদ রাষ্ট্রীয়করণ সংক্রান্ত অভিযোগটির অনুসন্ধান চলমান।
রাষ্ট্রের স্বার্থে ও মানিলন্ডারিং প্রতিরোধে এ অনুসন্ধানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আবেদনে আরও বলা হয়, মোহাম্মদ আবু নোমান নিয়মিতভাবে বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং বছরের একটি বড় অংশ বিদেশে অবস্থান করেন। তার একাধিক দেশের নাগরিকত্ব থাকার সম্ভাবনা রয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বিধায় তার বিদেশ গমন রহিত করা আবশ্যক।
এছাড়া ইস্টার্ন ইন্স্যুরেন্সের দুই জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য পৃথক আবেদন করেন কমিশনের সহকারী পরিচালক মো. ইসমাঈল।
মাহমুদ হাসানের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন ও দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগের মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।
জান্নাতুন নেসা জাকিয়ার আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন ও দুদকে সম্পদ বিবরনী দাখিল না করার অভিযোগের ভিত্তিতে মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।
জলিল/রিফাত/