বিএনপিকর্মী হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে আবারও ৩ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক কুমার দাস হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা এ মামলায় গত ৫ মে প্রথম দফায় মঞ্জুর করা তিনদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।
মামলায় তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক কে এম আবদুল হক পুনরায় সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
প্রসিকিউশন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক অনুপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ১৬ জুলাই ছাত্রদের একটি মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ কোর্টের সামনে আসলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র অনিক। প্রথমে ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের পর কিছুটা সুস্থ হলে ৩১ জুলাই হাসপাতাল ত্যাগ করে।
ওই ঘটনায় ২০২৪ সালের ২১ নভেম্বর অনিক বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক নাছেরকে গত ২৯ মার্চ মিরপুর ডিওএইচএস থেকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর থেকে রিমান্ডেই আছেন।
জলিল উজ্জ্বল/রিফাত/