ভিসানীতি নিয়ে পুলিশের চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবাগত কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ‘একটি দেশ ভিসানীতি ঘোষণা করেছে। এটা তাদের নিজস্ব ব্যাপার। আমাদের পুলিশের কোনো বিষয় নয়।’
সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই ছিলো সাংবাদিকদের সঙ্গে হাবিবুর রহমানের প্রথম মতবিনিময়।
ভিসানীতি নিয়ে সদ্যবিদায়ী এক বিচারপতির মন্তব্য উল্লেখ্য করে ডিএমপি কমিশনার বলেন, ‘সেই দেশে আমি কখনও যাইনি। আমার যাওয়ার ইচ্ছাও নেই। পুলিশের মধ্যে এসব বিষয় নিয়ে চিন্তার কিছু আছে বলেও মনে করি না।’
সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘নির্বাচন হলো গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি। জনগণ যাতে নির্ভয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে সেজন্য যা যা প্রয়োজন ডিএমপির পক্ষ থেকে করা হবে’।
এ সময় তিনি আরও বলেন, ‘পুলিশের কেউ যদি অপরাধে জড়িয়ে পড়েন, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী তো অপরাধীই, কাউকে ছাড় দেওয়া হবে না।’
ডিএমপির থানাগুলোতে সেবার মান বাড়াতে কী কী পদক্ষেপ নেওয়া হবে- এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘থানায় ‘মেসেজ টু কমিশনার’ হটলাইন সেবা চালু করা হবে। এই হটলাইন সেবার মাধ্যমে ভুক্তভোগীরা সরাসরি ঢাকা মহানগর কমিশনারের সঙ্গে কথা বলতে পারবেন। ভুক্তভোগীরা থানায় গিয়ে সেবা না পেলে যে কেউ কমিশনার বরাবর মেসেজ দিতে পারবেন। এছাড়া ডিবিতে (গোয়েন্দা পুলিশ) গিয়েও সেবা না পেলে যে কেউ মেসেজের মাধ্যমে সরাসরি আমাকে জানাতে পারবেন। আমি তাদের সঙ্গে কথা বলবো এবং সমস্যা সমাধান করবো।’
সাইবার ক্রাইম নিয়ে তিনি বলেন, ‘ট্রাডিশনাল ক্রাইম থেকে সাইবার ক্রাইমের ধরন আলাদা। ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি।’
যানজট নিরসনের সার্বিক বিষয় নিয়ে হাবিবুর রহমান বলেন, ‘প্রথমে গণপরিবহনের চালকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার যানজটরপ্রবণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া সঙ্কট নিরসনে দুই সিটি কর্পোরেশনের সঙ্গে একযোগে কাজ করবে ডিএমপি।