ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সাবেক নির্বাহী পরিচালক বিশিষ্ট মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল।
বুধবার (৪ অক্টোবর) টিআইবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধানমন্ডিতে মাইডাস সেন্টারে সংস্থার কার্যালয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত ১১৭তম বোর্ড সভায় তাকে চেয়ারপারসন নির্বাচিত করা হয়। তিনি বিদায়ী চেয়ারপারসন অধ্যাপক ড. পারভীন হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন।
অ্যাডভোকেট সুলতানা কামাল বিভিন্ন মেয়াদে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ও চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। তিনি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রসিডেন্ট। ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ছিলেন। জাতিসংঘে আইন পরামর্শক হিসেবেও তিনি কাজ করেছেন। ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সুলতানা কামাল মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের ত্রিপুরায় ফিল্ড হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা।
ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বোর্ডের অন্যরা হলেন- সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী, কোষাধ্যক্ষ মাহফুজ আনাম, সদস্য অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ, সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল মোমেন, অধ্যাপক ড. ফখরুল আলম, অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ভাসমান হাসপাতাল ‘জীবনতরী’-এর উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী ও সোসাইটি অব এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (শেড) প্রতিষ্ঠাতা পরিচালক ফিলিপ গাইন।