বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পাঁচ নারীকে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার দেওয়া হয়েছে। তারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নাজমা মাসুদ, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বিপাশা হোসাইন, সফল জননী জোহরা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী গীতা রানী রায় এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মায়া রানী দেব ভৌমিক।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি তাদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিমিন হোসেন বলেন, নারীদের অর্থনৈতিকভাবে এবং সিদ্ধান্ত গ্রহণে অনেক বেশি স্বাবলম্বী হতে হবে। মেয়েরা যেন মানুষ পরিচয়ে বাঁচে তা সবার আগে নিশ্চিত করতে হবে। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার জায়গায় কাজ করতে হবে। জয়িতারা সংগ্রামী নারীদের জীবনে জয়ী হওয়ার অনুপ্রেরণা। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়িতাদের স্বপ্নদ্রষ্টা।
তিনি আরও বলেন, নারীদের প্রতি মানসিকতা পরিবর্তন করতে না পারলে কোনো উন্নয়ন সম্ভব নয়। গণপরিবহন নারীবান্ধব করতে হবে। বিষণ্ণতা থেকে দূরে রাখতে নারীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাজ করতে হবে।
ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক ও মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। আরও উপস্থিত ছিলেন, শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, অতিরিক্ত সচিব মুহিবুজ্জামান, ঢাকা বিভাগের অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সরদার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মমিনুর রহমান এবং ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান।