পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
বুধবার (২৭ জুন) খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনসে বিভিন্ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তাদের অঢেল অবৈধ সম্পদের বিষয়টি পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ন করছে কি না এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘বিষয়টি তদন্তাধীন রয়েছে তাই এখনই এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না। সম্পদের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে আসল তথ্য বেরিয়ে আসবে।’
চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সাংবাদিক নেতাদের বৈঠক হয়েছে। আশা করি যেকোনো ভুল বোঝাবুঝি আলোচনার মধ্য দিয়ে নিরসন হবে ইনশাআল্লাহ।’
সাকলায়েন-পরীমনিকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কাউকে ছাড় দেওয়ার নীতিতে বিশ্বাস করি না। যে অভিযোগ পাওয়া গেছে তা প্রমাণিত হওয়ায় তাকে (সাকলায়েন) বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘এক সময় খুলনা অঞ্চল সন্ত্রাসের জনপদ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট নির্দেশনায় আমরা সেই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। খুলনা এখন শান্তির নগরী।’
এ সময় তিনি খালিশপুর পুলিশ অফিসার্স কোয়ার্টার, বয়রা পুলিশ ফাঁড়ি ভবন, পুলিশ লাইনসের মাল্টি পারপাস শেড, চারতলা অস্ত্রাগার ভবন, ৬শ কিলো ভোল্টের বৈদ্যুতিক উপকেন্দ্র এবং মাল্টি পারপাস ভবনের ফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম ও তাসলিমা খাতুন উপস্থিত ছিলেন।