ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
চট্টগ্রামে দেয়ালধসে নিহত ১, শিশুসহ আহত তিন টানা বৃষ্টির প্রভাব, চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল ব্যাহত বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র অবিরাম বৃষ্টিতে ঝুঁকিতে বান্দরবান, খোলা হলো ২২০ আশ্রয়কেন্দ্র কারণ জানুন বিশ্ববাজারে ব্যবসা বাড়াতে নতুন রূপে ‘টিপসই’ মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে যেভাবে শুরু হয়েছিল মেসি-অধ্যায় এআই ও ডেটা সায়েন্সে স্নাতক প্রোগ্রাম চালু করল আইএসইউ বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণমন্ত্রী কম্বোডিয়ায় মানবপাচার ও তরুণ নিহতের ঘটনার মূলহোতা গ্রেপ্তার লাকড়ির স্তূপে বিষধর সাপ, প্রাণ গেল নারীর পাবলিক স্পিকিংয়ে মঞ্চ মাতাবেন যেভাবে মহাকাশে পতনশীল সুইফট অবজারভেটরি উদ্ধারে নাসার সফল অভিযান যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের রাতের রানিতে সেজেছে পেকুয়ার পাহাড় নোয়াখালীর ২ হাসপাতালকে জরিমানা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ৭৩১ জনকে চাকরি দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর বিমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর ব্রাজিলিন্টিনা টানা বৃষ্টি ও জোয়ারে পতেঙ্গা সৈকতসংলগ্ন সড়কে ধস জাদুঘরে ফিরল ১১৯ বছরের পুরোনো তিমির কঙ্কাল ‘আল্লাহ কোথায় আছেন?’ বাল্টিক সাগরের বুকে ২২ ঘণ্টার স্বপ্নযাত্রা দানবাক্স থেকে চুরি করে প্রেমিকাকে আইফোন দিলেন কর্মী খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বহুরূপী মতিন ভাই ফারাওদের রুখতে আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন এনবিআরের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে বেলুচিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলায় ৯ পুলিশ সদস্য নিহত

রাজধানীতে ২ নারীর লাশ উদ্ধার

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১১:৩১ এএম
রাজধানীতে ২ নারীর লাশ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর ও বাড্ডা এলাকা থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) পুলিশ এ তথ্য জানায়।

জানা গেছে, সোমবার দুপুরে মিরপুরের ডিওএইচএসের একটি বাসা থেকে এক অবসরপ্রাপ্ত উইং কমান্ডারের স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

তার নাম ফারাহ দীবা (৫৫)। 

পুলিশ জানিয়েছে, তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার হাত ও পা বাঁধা ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর বাসার কেয়ারটেকার মিলন ও গাড়িচালক সবুজ পলাতক রয়েছেন। তাদের ধরতে অভিযান চলছে। 

নিহতের পরিবার জানিয়েছে, বাসা থেকে প্রায় ২০ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণলংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচার দোকান থেকে আমেনা আক্তার (৩২) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়। বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। 

তিনি জানান, ঘটনাস্থলের সিসিটিভির ক্যামেরা পর্যালোচনা করে দেখা গেছে, রবিবার রাত ৮টা ১৩ মিনিটের দিকে এক ব্যক্তি আমেনাকে নিয়ে দোকানের ভেতর প্রবেশ করেন। সেখান থেকেই তার লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তিতে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমেনা ভোলা সদর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের মো. আবু কালামের মেয়ে। আমেনা বাড্ডার মডেল টাউন এলাকায় থাকতেন।

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম
বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণমন্ত্রী
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, খুব দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও সুখবর আসবে।

তবে এবার মালয়েশিয়া নয়, বাংলাদেশই রিক্রুটিং অ্যাজেন্সি নির্বাচন করবে। তাই সিন্ডিকেট ও দুর্নীতি এড়াতে সরকার এবং অ্যাজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০০৮ সালে শ্রমবাজার বন্ধ হওয়ার পর ২০১৬ সালে তা আবার চালু হয়। পরে দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া আবারও বন্ধ করে মালয়েশিয়া।

এরপর ২০২২ সালের আগস্ট থেকে আবার কর্মী যাওয়া শুরু হয়। তবে ২০২৪ সালের ১ জুন বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বন্ধ হয়ে যায়। এরপর দুই দেশের মধ্যে বিভিন্ন শর্ত শিথিলের বিষয়ে আলোচনা চলতে থাকে।

এদিকে, ২০২৪ সালে মালয়েশিয়ায় যেতে না পারা ৭ হাজার ৮৭৩ জন কর্মীকে পাঠানোর দায়িত্ব সরকারি সংস্থা বোয়েসেলকে দেওয়া হয়। এখন পর্যন্ত তাদের মধ্যে প্রায় ৩ হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে পেরেছেন। বাকি কর্মীদের বিষয়েও দ্রুত পৃথক সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরেও দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব পায়। দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে আইনি জটিলতা দ্রুত কাটিয়ে শ্রমবাজার আবারও চালুর ঘোষণা এসেছে।

রিফাত/অমিয়/

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৫ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
১৭৪ বাংলাদেশি/ ছবি: খবরের কাগজ

লিবিয়ার বেনগাজীতে গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি মোট ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের প্রত্যাবাসন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের ফ্লাইটে তারা দেশে ফেরেন।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়।

তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এ দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

মন্ত্রণালয় জানায়, লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে।

তামান্না রুপা/

বিমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:৩১ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম
বিমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর
বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: পিআইডি

আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়াতে বিমা খাতকে একটি শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে এনে জনগণের আস্থা ফেরানো জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, ‘কোনো আধুনিক অর্থনৈতিক লেনদেন কেবল বিশ্বাস বা অবিশ্বাসের ওপর ভিত্তি করে চলতে পারে না। নাগরিকদের আশ্বস্ত করতে এবং এ খাতের প্রতি মানুষের আস্থা বাড়াতে একটি যুগোপযোগী আইনি কাঠামো তৈরি করতে হবে।’

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে দেশের অন্যতম বিমা প্রতিষ্ঠান ‘ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘বিমা কেবল একটি সেবামূলক কাজই নয়, এটি দেশের অর্থনীতিকে বেগবান করার অন্যতম উপাদান। যখন একজন সাধারণ নাগরিক বা উদ্যোক্তা জীবনের নিরাপত্তা ও বিমার নিশ্চয়তা পান, তখন তিনি ভবিষ্যৎ সম্পর্কে নিরাপদ বোধ করেন। একই সঙ্গে সুচিন্তিতভাবে তার প্রতিভা ও উদ্যোগকে কাজে লাগাতে পারেন। আর এভাবেই সমষ্টিগত উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিতে একটি বড় ধরনের উল্লম্ফন ও গতি তৈরি হয়।’

বিগত আমলের অর্থনৈতিক অনিয়মের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কেবল গতানুগতিকভাবে দেশ পরিচালনার জন্য ক্ষমতা গ্রহণ করেননি, আমরা একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছি। কী পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, কত টাকা কর-ব্যবস্থার বাইরে পড়ে আছে, রাজস্বের আওতায় আনা যায়নি তা আমাদের চিহ্নিত করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতায় আসার আগেই আমরা রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি। এখন এই সমস্যাগুলো সংস্কার ও মেরামত করা না হলে সমাধানের মূল লক্ষ্য বাস্তবায়ন করা সহজ হবে না।’

এ সময় তথ্যমন্ত্রী বীমা খাতের বিরাজমান সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে অর্থমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান। একই সাথে বিমা জগতকে আরও বিস্তৃত করতে এবং শক্তিশালী নীতি কাঠামো তৈরিতে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্যও সংশ্লিষ্টদের আহ্বান জানান।

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দিন।

অনুষ্ঠানে বিমা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

আজহার/অমিয়/

চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, তিনটি পাঠানো হলো ঢাকায়

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৩:১৪ পিএম
চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, তিনটি পাঠানো হলো ঢাকায়
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে বৈরী আবহাওয়ার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে তিনটি ফ্লাইটকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে।

তীব্র ঝড়ো বাতাসের কারণে মঙ্গলবার (৭ জুলাই) এই বিমানবন্দর দিয়ে আসা-যাওয়া (অ্যারাইভাল ও ডিপার্চার) করা প্রায় সব ফ্লাইটের শিডিউল বিপর্যস্ত হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় প্রতিটি ফ্লাইট প্রায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্বে চলাচল করছে।

চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্বরত প্রকৌশলী ইব্রাহিম খলিল খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। তীব্র বাতাসের কারণে রানওয়েতে নিরাপদ অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ৩টি ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় অবতরণ করেছে। রানওয়েতেও পানি জমে গেছে।

তিনি জানান, আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইট BS350 বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শারজাহ থেকে আসা ফ্লাইট G9-526 একই পরিস্থিতির কারণে চট্টগ্রামে নামতে ব্যর্থ হয় এবং পরে ঢাকায় ডাইভার্ট করা হয়। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা অভ্যন্তরীণ রুটের ফ্লাইট BG121 চট্টগ্রামের আকাশসীমা থেকে পুনরায় ঢাকায় ফিরে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে এই বিলম্ব বা সাময়িক পরিবর্তন বজায় থাকতে পারে। যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। এই প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিমানবন্দরের কার্যক্রমেও মারাত্মক প্রভাব পড়েছে। পরিস্থিতির কারণে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

রিফাত/

হাইওয়ে পুলিশের প্রধান হলেন ফারুক আহমেদ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:৪২ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম
হাইওয়ে পুলিশের প্রধান হলেন ফারুক আহমেদ
বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ফারুক আহমেদ।

পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক আহমেদ ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২২ ফেব্রুয়ারি ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

প্রায় তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ফোর্সেস হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিআইডি, লাইবেরিয়া ও দারফুরে জাতিসংঘ মিশন এবং পুলিশ সুপার হিসেবে মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলায় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করেছেন।

তিনি বহুমাত্রিক প্রশাসনিক দক্ষতা, অপারেশনাল নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়নে স্বীয় মেধা ও প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন।

তিনি গত ৪ জুন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। কর্মজীবনে তিনি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার এবং অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

তিনি ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও পেশাগত কর্মসূচিতে অংশগ্রহণ করে আন্তর্জাতিক মানসম্পন্ন পুলিশিং বিষয়ে তাঁর অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে তার যোগদানের মাধ্যমে দেশের মহাসড়কে নিরাপদ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনমুখী পুলিশি সেবা আরও গতিশীল ও বেগবান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

রিফাত/