রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং ব্যবস্থা সম্প্রসারণে পূবালী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা বিস্তারের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি।
শনিবার (১১ জুলাই) দুপুরে রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে একটি হোটেলে পূবালী ব্যাংক পিএলসি, রাজশাহী অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত ‘ক্যাশলেস রাজশাহী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘১৯৫৯-৬০ সালের দিকে রাজশাহীতে যাত্রা শুরু করা পূবালী ব্যাংক এ অঞ্চলের মানুষের আস্থার প্রতিষ্ঠান। দেশের স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতা-পরবর্তী অর্থনীতি পুনর্গঠনে ব্যাংকটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী দিনেও রাজশাহীর অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট ব্যাংকিং ব্যবস্থার প্রসারে পূবালী ব্যাংক কার্যকর ভূমিকা পালন করবে।’
তিনি বলেন, ‘শিক্ষা-দীক্ষায় অগ্রসর রাজশাহীর মানুষ দ্রুত ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে সক্ষম হবেন। এতে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজশাহীকে দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ব্যবসা-বাণিজ্যকে আরও সহজ ও আধুনিক করতে পূবালী ব্যাংক ‘বাংলা কিউআর’ ভিত্তিক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা চালু করেছে। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়ীরা কাগুজে মুদ্রা ছাড়াই দ্রুত, সহজ ও নিরাপদভাবে লেনদেন করতে পারবেন।’
রাজশাহীর উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এ অঞ্চলের কৃষিপণ্য বিশেষ করে শাক-সবজি ও ফলমূল সরাসরি দুবাই ও সিঙ্গাপুরসহ আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুবিধা তৈরির লক্ষ্যে রাজশাহী বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ চলছে। পাশাপাশি বিসিক সিল্ক শিল্পনগরী ও ইপিজেড স্থাপনের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি ব্যাংকিং খাতের কর্মকর্তা-কর্মচারীদের সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূবালী ব্যাংক পিএলসির পরিচালক আজিজুর রহমান। পূবালী ব্যাংক পিএলসির রাজশাহী অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মো. সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খাঁন, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. বায়েজীদ সরকার, মো. নাজিম উদ্দীন এবং মো. শাহ নওয়াজ খান। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ভূমিমন্ত্রী রাজশাহীতে পূবালী ব্যাংক পিএলসির ১৪টি নতুন ইলেকট্রনিক বুথ উদ্বোধন করেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ‘বাংলা কিউআর’ কোড হস্তান্তর করেন।
রিফাত/