রাজধানীতে গত শুক্রবার (১০ জুলাই) বঙ্গরঙ্গ নাট্যদলের সপ্তম প্রযোজনা ‘মৃত্যুহীন প্রাণ’ মঞ্চস্থ হয়েছে। প্রখ্যাত নাট্যকার উৎপল দত্তের বহুল আলোচিত একাঙ্ক নাটক ‘মৃত্যুর অতীত’অবলম্বনে নির্মিত এ প্রযোজনার নবনাট্যায়ন ও নির্দেশনা দিয়েছেন মিথুন মোস্তফা। প্রযোজনাটির আলোক ও সংগীত পরিকল্পনা করেছেন আসিফ মুনীর।
সমসাময়িক রাজনৈতিক নাট্যচর্চার প্রেক্ষাপটে ‘মৃত্যুহীন প্রাণ’ দর্শক ও নাট্যবোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেছে। নাটকটিতে উৎপল দত্তের মার্কসবাদী দর্শন, শ্রেণিসংগ্রাম, রাষ্ট্রক্ষমতার বৈপরীত্য এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়গুলো সমকালীন নাট্যভাষায় নতুন ব্যাখ্যায় উপস্থাপন করা হয়েছে।
প্রযোজনাটিতে মৃত্যু কেবল একটি জৈবিক পরিণতি নয়; বরং ক্ষমতার কাঠামো, সামাজিক বাস্তবতা এবং মানুষের অস্তিত্বসংকটের শক্তিশালী রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। নাটকের ঘটনাপ্রবাহ মৃত্যুর পরবর্তী বাস্তবতাকে অলৌকিকতার বদলে সমাজব্যবস্থার অসঙ্গতি ও বৈপরীত্য উন্মোচনের নাট্যকৌশল হিসেবে তুলে ধরেছে।
মঞ্চায়নে ব্রেখটীয় এপিক থিয়েটারের বিভিন্ন কৌশল, বিশেষ করে এলিয়েনেশন এফেক্ট ও ব্রেকিং দ্য ফোর্থ ওয়ালের ব্যবহার দর্শকদের নাটকের রাজনৈতিক ও দার্শনিক বক্তব্যকে সমালোচনামূলক দৃষ্টিতে উপলব্ধি করার সুযোগ করে দেয়। দলগত অভিনয়, দৃশ্যান্তরের ছন্দ, প্রতীকী উপস্থাপন এবং মঞ্চব্যবহারে নির্দেশকের নির্মাণশৈলীও প্রশংসিত হয়েছে।
এ প্রযোজনার অন্যতম আকর্ষণ ছিল অভিনেত্রী মেহেরান তিথির আনুষ্ঠানিক মঞ্চ অভিষেক। ‘মৃত্যুহীন প্রাণ’-এ প্রথমবারের মতো অভিনয় করেও তিনি আত্মবিশ্বাসী মঞ্চ উপস্থিতি, সংলাপ পরিবেশন ও চরিত্রের প্রতি আন্তরিক নিবেদনের মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। নাট্যদল জানিয়েছে, শিগগিরই উৎপল দত্তের আরেকটি নাটক ‘উন্মোচন’-এ ‘জুলেখা’ চরিত্রে অভিনয় করবেন তিনি।
প্রদর্শনী শেষে দর্শকদের দীর্ঘ করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। নাট্যপ্রেমীদের মতে, ‘মৃত্যুহীন প্রাণ’ কেবল একটি নাট্যপ্রযোজনা নয়, বরং সমকালীন সমাজ, রাজনীতি ও মানবিক সংকট নিয়ে নতুন করে ভাবার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।
/এসএল