চেক জালিয়াতি ও পাওনা টাকা পরিশোধ না করা ও প্রতারণার অভিযোগে বলিউড অভিনেতা রাজপাল যাদবকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দিল্লির হাইকোর্ট। একই সঙ্গে তার করা সব আপিল আবেদন খারিজও করে দিয়েছেন আদালত। তবে পূর্ববর্তী নিম্ন আদালতের দেওয়া ছয় মাসের কারাদণ্ডের মেয়াদ কমিয়ে হাইকোর্ট তিন মাসের সাজা নির্ধারণ করেছেন।
শুক্রবার (১০ জুলাই) দিল্লির হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মা এ রায় ঘোষণা করেন। আদালতের নির্দেশ অনুযায়ী রাজপালের বিরুদ্ধে দায়ের হওয়া ৭টি মামলার প্রত্যেকটিতে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। যা একই সঙ্গে কার্যকর হবে। এ ছাড়া প্রতিটি মামলার বিপরীতে অভিযোগকারীকে ১ কোটি ৫ লাখ টাকা করে পরিশোধ করার নির্দেশও দেওয়া হয়েছে। মামলার অপর সহ-আসামি এবং অভিনেতার স্ত্রী রাধা যাদবকেও প্রতিটি মামলার জন্য ৫ লাখ ৫১ হাজার ৩৮০ টাকা করে জরিমানা করা হয়েছে। এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন রাজপাল। চলচ্চিত্রটি নির্মাণের জন্য তিনি ‘মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়লে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েন এই অভিনেতা।
পরবর্তীতে পাওনাদার প্রতিষ্ঠান টাকা ফেরত চাইলে রাজপাল তা দিতে ব্যর্থ হন। সুদ-আসলে ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬ কোটি টাকায়। দীর্ঘ অচলাবস্থার পর ২০১৮ সালে প্রতিষ্ঠানটি রাজপাল ও তার স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়।
এর আগে ২০২৪ সালের মে মাসে একটি দায়রা আদালত রাজপালকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন। পরে তার আইনজীবীর সমঝোতার আশ্বাসে দিল্লি হাইকোর্ট সাজা স্থগিত করে বিষয়টি মধ্যস্থতা কেন্দ্রে পাঠান। কিন্তু সেখানেও কোনো সমাধান না আসায় চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাজপাল আদালতে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে ১ কোটি ৫০ লাখ টাকা জমা দেওয়ার শর্তে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন তিনি। ইতোমধ্যে তিনি মোট ২ কোটি ২৫ লাখ টাকা পরিশোধ করেছেন।