প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ভরাডুবির পরও ৪৬ রানের লিড পায় ভারত। নিজেরা ১৫০ রানে অল আউট হওয়ার পর অস্ট্রেলিয়াকে তারা আউট করে ১০৪ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিংয়ে চালকের আসনে ভারত।
দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ১৭২ রান সংগ্রহ করেছে ভারত। ফলে লিড দাঁড়িয়েছে ২১৮ রান। যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের দারুণভাবে সামাল দিয়েছেন অস্ট্রেলিয়ার পেসারদের।
টেস্টের দেড় দিন পেসারদের দাপট যেন ভারত দ্বিটীয় ইনিংসে ব্যাটিং করতে নামার পরই ফিকে হয়ে গেল। অজি বোলারদের শাসন করে দুই সেশন পার করে দিয়েছেন জয়সওয়াল ও রাহুল।
আজ সারাদিনে উইকেট পড়েছে ৩টি। সবকটিই স্বাগতিক অস্ট্রেলিয়ার। দ্বিতীয় দিনে মোট রান হয়েছে ২০৯। যার মধ্যে অস্ট্রেলিয়া করেছে মাত্র ৩৭ রান।
দ্বিতীয় দিন শেষে জয়সওয়াল অপরাজিত আছেন ৯০ রানে। অন্য ওপেনার রাহুল অপরাজিত ৬২ রানে। ১৯৮৬ সালের পর এই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের দুই ওপেনারই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন।
এর আগে, দ্বিতীয় দিনের প্রথম সেশন ব্যাটিং করে প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের জবাবে ১০৪ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।