চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ আজ। মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।
টস জিতে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘আমরা আগে ব্যাটিং করবো, দেখে ভালো উইকেট মনে হচ্ছে। আইসিসি ইভেন্টে সব ম্যাচই গুরুত্বপূর্ণ, আমরা সবকিছু স্বাভাবিকভাবেই রাখার চেষ্টা করছি। এই কন্ডিশনের সঙ্গে আমাদের সবাই পরিচিত। এখানে আমরা আগে ভালো করেছি এবং আমরা আমাদের সেরাটাই দিতে চাই আজ। শেষ ম্যাচটা আমরা হেরেছি, কিন্তু এটি অতীত আমাদের জন্য এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছি। ফখর জামানের জায়গায় একাদশে এসেছেন ইমাম।’
টস হেরে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘তারা টস জিতেছে সুতরাং ফিল্ডিং করবো আগে, এটা তেমন মানে রাখে না। দেখে আগের ম্যাচের উইকেট মনে হচ্ছে। আগের ম্যাচে কিছুটা ধীরগতির ছিল। আমাদের দলটা অভিজ্ঞতায় ভরপুর তাই আমরা জানি কীভাবে খেলতে হয় পিচ ধীরগতির হয়ে গেলে। পূর্ণাঙ্গ পারফরম্যান্স দরকার দলের জন্য ব্যাট এবং বল দুইদিক দিয়েই। গত ম্যাচটা আমাদের জন্য মোটেও সহজ ছিল না, যেটা একপ্রকার ভালো। আপনি চাপে থাকতে চাইবেন এবং নিজেকে পরখ করতে চাইবেন। আমরা আগেই দল নিয়েই মাঠে নামছি।
পাকিস্তান একাদশ
ইমাম-উল-হক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার ও অধিনায়ক), সালমান আলি আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, হার্ষিত রানা, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব।