দুবাইতে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। তবে এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে কে কোন সেমিফাইনালে খেলবে। দুই দলের যে জিতে সে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে যাবে। তখন প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়া।
এই ম্যাচে একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের কিংবদন্তী ক্রিকেটার বিরাট কোহলি। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে। সেই থেকে এই পর্যন্ত দাপটের সঙ্গে খেলে ফেলেছেন ২৯৯ ওয়ানডে ম্যাচ।
আজ সেমিফাইনালের আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই খেলে ফেলবেন নিজের ৩০০তম ওডিআই ম্যাচ। এই আসরে এখন পর্যন্ত করেছেন ১২২ রান। বাংলাদেশের বিপক্ষে মাত্র ২২ রান করলেও পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ম্যাচ জেতানো অপরাজিত ১০০ রানের ইনিংস।
আজকের ম্যাচে কোহলি একাদশে থাকলে ২০০৪ সালের পর যাদের ওয়ানডে অভিষেক, তাঁদর মধ্যে ৩০০ ওয়ানডে খেলা প্রথম ক্রিকেটার হতে যাচ্ছেন কোহলি। ক্যারিয়ারে এই সংস্করণে এখন পর্যন্ত রেকর্ড ৫১ সেঞ্চুরির মালিক তিনি।
কোহলির ৩০০ ম্যাচকে কেন্দ্র করে সতীর্থ লোকেশ রাহুল এখনও অনেককিছু আশা করেন তার কাছ থেকে, ‘তিনি কত বড় খেলোয়াড়, সেটি প্রকাশ করার মতো শব্দ আমি খুঁজে পাচ্ছি না। সর্বশেষ ম্যাচে তাঁকে ১০০ করতে দেখে খুব ভালো লেগেছে। তিনি ব্যাটিংও খুব ভালো করেছেন। তাঁর মতো উঁচুমানের খেলোয়াড়ের জন্য সেঞ্চুরি করাটা সময়ের ব্যাপার ছিল। আশা করছি, তিনি আরও সেঞ্চুরি পাবেন, খেলবেন আরও অনেকে আন্তর্জাতিক ম্যাচ।’
ভারতের সপ্তম ও সব মিলিয়ে ২২তম খেলোয়াড় হিসেবে ৩০০তম ওয়ানডে খেলতে যাওয়া কোহলিকে প্রশংসায় ভাসিয়েছে প্রতিপক্ষ দলের ব্রেসওয়েলও, ‘আমি আরসিবিতে তাঁকে খুব কাছ থেকে দেখেছি। তিনি প্রতিটি ম্যাচের জন্য যেভাবে প্রস্তুতি নেন, সেটিকে অবিশ্বাস্য বলতে হয়।’