২০২২ সালের পর আবারও বাংলাদেশ সফরে আসছে ভারত ক্রিকেট দল। চলতি বছরের আগস্টে বাংলাদেশে আসবে রোহিত শর্মারা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের হবে সিরিজটি।
ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে সাদা বলের সেই সিরিজের সূচিও। সিরিজ শুরু হবে ১৭ আগস্ট আর শেষ হবে ৩১ আগস্ট। ঢাকা ও চট্টগ্রামের দুই ভেন্যুতে হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।
আগস্টের ১৩ তারিখ ভারতীয় দল পা রাখবে বাংলাদেশে। সিরিজের প্রথম দুই ওয়ানডে ১৭ ও ২০ আগস্ট। দুই ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলায়। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।
বন্দরনগরীর একই ভেন্যুতে ২৬ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তবে ওই ভেন্যুতে কেবল প্রথম ম্যাচটাই হবে। শেষ দুই ম্যাচ খেলতে আবারও ঢাকায় ফিরবে দুই দল। ম্যাচ দুটি হবে ২৯ এবং ৩১ আগস্ট। সিরিজ শেষে ১ সেপ্টেম্বর বিরাট কোহলি-রোহিত শর্মারা দেশে ফেরার বিমানে উঠবেন।
বাংলাদেশ-ভারত সিরিজের সূচি:
| তারিখ | শিডিউল | ভেন্যু |
| ১৩ আগস্ট | প্রথম ওয়ানডে | মিরপুর |
| ২০ আগস্ট | দ্বিতীয় ওয়ানডে | মিরপুর |
| ২৩ আগস্ট | তৃতীয় ওয়ানডে | চট্টগ্রাম |
| ২৬ আগস্ট | প্রথম টি-টোয়েন্টি | চট্টগ্রাম |
| ২৯ আগস্ট | দ্বিতীয় টি-টোয়েন্টি | মিরপুর |
| ৩১ আগস্ট | তৃতীয় টি-টোয়েন্টি | মিরপুর |