ম্যানচেস্টার টেস্টে আজ মাঠে নামছে ইংল্যান্ড ও ভারত। পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এই টেস্ট তাই ভারতের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। আর ইংল্যান্ডের সামনে সুযোগ, এক ম্যাচ হাতে রেখেই ট্রফি নিশ্চিত করা। ভারতের জন্য সুখবর, পেস আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহকে দেখা যাবে এই টেস্টে।
ভারতীয় শিবিরে আছে চোট চিন্তাও। বার্মিংহামে ১০ উইকেট নেওয়া আকাশ দীপ গ্রোয়েন চোটে ভুগছেন। গত সোমবার তাকে হালকা বোলিং করতে দেখা গেলেও নেটে অংশ নেননি। তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিকল্প হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে হরিয়ানার ২৪ বছর বয়সী পেসার অংশুল কাম্বোজকে। সদ্য ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভালো করা এই তরুণ ম্যানচেস্টারে পৌঁছেই নেটে বল করেছেন গম্ভীর ও মরনে মর্কেলের তত্ত্বাবধানে।
এদিকে প্রাসিধ কৃষ্ণও আছেন বিবেচনায়। সিরিজের প্রথম দুই টেস্টে খেলা এই পেসার বার্মিংহামে রান খরচ করলেও ম্যানচেস্টারে অনুশীলনে বেশ ছন্দে দেখা গেছে তাকে। ব্যাটিং লাইনআপেও ভাবনা আছে। উইকেটকিপার রিশভ পন্তের চোটের অবস্থা কিছুটা উন্নত হয়েছে। তিনি অনুশীলনে কিপিং করেছেন ও ব্যাটও করেছেন। তবে পাঁচ দিন কিপিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত কি না, তা নিয়ে সংশয় থাকায় ধ্রুব জুরেলকে রাখা হতে পারে বিকল্প হিসেবে। অন্যদিকে পন্ত না খেললে ব্যাটিং অর্ডারে ফিরতে পারেন বাঁহাতি সাই সুদর্শন, যিনি হেডিংলিতে অভিষেকে নজর কেড়েছিলেন।
অন্যদিকে, ইংল্যান্ড দল ঘরের মাঠে ছন্দে আছে। অ্যাগ্রেসিভ ক্রিকেট ও বোলিং আক্রমণ মিলিয়ে তারা প্রতিপক্ষকে চাপে রেখেছে। বুমরাহ ফিরলেও ভারতের জন্য কাজটা সহজ হবে না, বিশেষ করে ওল্ড ট্র্যাফোর্ডের উইকেট এবং আবহাওয়া বিবেচনায়। পূর্বাভাস বলছে, পাঁচ দিনের মধ্যে তিন দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ম্যাচের ফলাফলকেও প্রভাবিত করতে পারে।
সিরিজ এখন এমন জায়গায় দাঁড়িয়ে, যেখানে একটি মুহূর্তই ঘুরিয়ে দিতে পারে ম্যাচ কিংবা ট্রফির গতিপথ। সবকিছু মিলিয়ে ম্যানচেস্টার টেস্ট হতে যাচ্ছে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের মঞ্চ।