একটি সিরিজ, চারটি সেঞ্চুরি। অভিষেক অধিনায়কত্বেই রেকর্ডের পর রেকর্ড গড়ছেন শুভমান গিল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তার ব্যাট যেন পরিণত হয়েছে নতুন ইতিহাস রচনায়। কিংবদন্তিদের কাতারে উঠে যাওয়া ভারতের এই তরুণ ব্যাটার এখন দাঁড়িয়ে আছেন অনন্য কীর্তি গড়ার দরজায়। ওভালে আরেকটি সেঞ্চুরি পেলে গিল হয়ে উঠবেন টেস্ট ইতিহাসের এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে চার টেস্টে চারটি সেঞ্চুরি করে একাধিক রেকর্ডে ভাগ বসিয়েছেন গিল। ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করার মধ্য দিয়েই গিল এক সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় নাম লিখিয়েছেন সুনীল গাভাস্কার ও বিরাট কোহলির পাশে। গাভাস্কার এই কীর্তিw গড়েছিলেন দুবার-১৯৭১ ও ১৯৭৮ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কোহলি করেছিলেন অস্ট্রেলিয়া সফরে, ২০১৪-১৫ মৌসুমে।
একই সঙ্গে অধিনায়ক হিসেবেও গিল ছুঁয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানকে। অধিনায়ক হিসেবে এক সিরিজে চারটি সেঞ্চুরি রয়েছে শুধু ব্র্যাডম্যান ও গিলের। ১৯৪৭-৪৮ মৌসুমে অ্যাশেজে এই কীর্তি গড়েছিলেন ডন। ওভালে সিরিজের শেষ টেস্টে আরেকটি সেঞ্চুরি পেলেই ডনকে অতিক্রম করে নতুন উচ্চতায় পৌঁছাবেন গিল। যেখানে পাবেন তিনি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ক্লাইড ওয়ালকটকে।
ওল্ড ট্রাফোর্ড টেস্টে গতকাল শতক করার সময় সিরিজে গিলের রান ছিল ৭১৯। পরে আরও ৩ রান যোগ করে আউট হন ৭২২ রানে। ফলে গিল এখন ভারতের পক্ষে এক সিরিজে ৭০০ বা তার বেশি রান করা তৃতীয় ব্যাটার সুনীল গাভাস্কার ও জসস্বী জয়সওয়ালের পর।
এই রান গিলকে নিয়ে গেছে আরও দুটি রেকর্ডের কাছাকাছি। ভারতের হয়ে এক সিরিজে সর্বোচ্চ রান গাভাস্কারের ৭৭৪, যা তিনি করেছিলেন ১৯৭০-৭১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে। আর অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ডন ব্র্যাডম্যানের, ৮১০ রান। তিনি এই রেকর্ড গড়েছিলেন ১৯৩৬-৩৭ মৌসুমে অ্যাশেজে।
গিলের সামনে এখন সবচেয়ে বড় হাতছানি এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ও রানের। ১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টে পাঁচটি সেঞ্চুরি করে এই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ক্লাইড ওয়ালকট। গিল যদি ওভালে সিরিজের শেষ টেস্টেও শতক পান, তবে তিনি স্পর্শ করবেন ৭০ বছর ধরে এককভাবে রেকর্ড গড়া ওয়ালকটকে। আর উভয় ইনিংসে সেঞ্চুরি করতে পারলে হবেন একক মালিক। আর এক সিরিজে সবচেয়ে বেশি ৯৭৪ রান করার কীর্তি আছে ডন ব্র্যাডম্যানের। তিনি এই রান করেছিলেন ১৯৩০ সালে ইংল্যান্ডের বিপক্ষে।
লিডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে শুভমান খেলেন ১৪৭ রানের দারুণ ইনিংস। বার্মিংহামে দ্বিতীয় টেস্টে গিল ছিলেন আরও চকচকে। পান টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ৩৮৭ বলে ২৬৯ রানের ইনিংসটি সাজানো ছিল ৩০ চার ও ৩ ছক্কায়। একই টেস্টের দ্বিতীয় ইনিংসে গিল পান সিরিজের তৃতীয় সেঞ্চুরি। করেন ১৬২ বলে ১৬১ রান। লর্ডস টেস্টে পাননি তিন অঙ্কের দেখা। তবে ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে করেন ২৩৮ বলে ১০৩ রান। চার টেস্টে আসে চার সেঞ্চুরি।
আগামী ৩১ জুলাই শুরু হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম ও শেষ টেস্ট। এখন শুধু অপেক্ষা শেষ স্পর্শের। ওভালের মঞ্চ প্রস্তুত, ইতিহাস কি এবার গিলের ব্যাটে চূড়ান্ত রূপ পাবে?