টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গ্রুপ ওয়ানে আজ ভারতের সামনে কার্যত ‘ডু অর ডাই’ পরিস্থিতি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় হারের ধাক্কা এখনো কাটেনি সূর্য়কুমার যাদবদের। ব্যাটিং ইউনিট ছিল ছন্নছাড়া। আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট। সেই ক্ষত নিয়েই আজ চেন্নাইয়ে আবার তারা মুখোমুখি জিম্বাবুয়ের।
কাগজে-কলমে ভারত এগিয়ে থাকলেও সমীকরণ কঠিন। নেট রানরেট (-৩.৮০) এতটাই খারাপ যে শুধু জয় নয়, বড় ব্যবধানে জয় দরকার। জিম্বাবুয়ে ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০৭ রানে হেরে চাপে। তবে হারানোর কিছু নেই; এই মানসিকতাই ওদের বিপজ্জনক করে তুলতে পারে।
এমন মুহূর্তে ভারতের দরকার ব্যাটিংয়ে আগ্রাসন ও দায়িত্বশীলতা। পাওয়ার প্লেতে বড় স্কোর ও বড় ব্যবধানে জয় এনে নেট রান রেট ঠিক করা। জিম্বাবুয়ে ম্যাচ জিতলে সমীকরণ ওলটপালট হবে। নেট রান রেট আরও খারাপ হবে ভারতের।
অন্যদিকে আহমেদাবাদে গ্রুপ ওয়ানের অপর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। দুই দলই তাদের প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে। এই ম্যাচটাই গ্রুপের টার্নিং পয়েন্ট। জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে (+ ৫.৩৫) আত্মবিশ্বাসে টগবগ করছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ভারতকে ৭৬ রানে হারিয়ে (+ ৩.৮০) শক্ত ভিত গড়েছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা জিতলে প্রায় নিশ্চিত সেমিফাইনাল। ভারত ও জিম্বাবুয়ের চাপ আরও বাড়বে। ওয়েস্ট ইন্ডিজ জিতলে তিন দলের (ভারত, দ. আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ) মধ্যে ৪ পয়েন্টে টাই হওয়ার সম্ভাবনা। তখন সবকিছু নির্ভর করবে নেট রান রেটে।
কে হারলে কী হবে?
ভারত যদি জিম্বাবুয়ের কাছে হারে ভারতের পয়েন্ট থাকবে ০। দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারায়, শেষ ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারালে তিন দলের (ভারত, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে) পয়েন্ট হবে ২। তখন নেট রান রেটেই হবে শেষ কথা। এমন সমীকরণ মিললে ভারতের একটা সুযোগ থাকবে সেমিতে যাওয়ার।
কিন্তু যদি আজ ভারত হারে এবং ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে হারায় তখন ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হবে ৪। ভারত সর্বোচ্চ ২ পয়েন্টেই আটকে যাবে। ভারতের বিদায় তখন নিশ্চিত।
ভারত যদি জিম্বাবুয়েকে হারায়, সেমিফাইনালের আশা বেঁচে থাকবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বড় ব্যবধানে জয় না এলে নেট রান রেটে পিছিয়ে পড়ার প্রবল ঝুঁকি থাকবে ইশান কিষানদের।
গ্রুপ ওয়ান এখন জটিল সমীকরণে আবদ্ধ। দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও এখনো নিশ্চিন্ত নয়। ওয়েস্ট ইন্ডিজের হাতে রয়েছে বড় নেট রান রেট অস্ত্র। আর ভারতের সামনে জয় তো চাইই, সঙ্গে চাই বড় জয়। আজ দুই ম্যাচই ঠিক করে দেবে কারা থাকবে শেষ চারের দৌড়ে, আর কারা পড়বে অঙ্কের ফাঁদে। কিংবা কারা নেবে সুপার এইট পর্ব থেকেই বিদায়।
চঞ্চল/অনিক/