আর্থিক কর্মসংস্থানের স্মার্ট মাধ্যম হিসেবে পুরাদস্তুর জায়গা করে নিয়েছে মুক্তপেশা বা ফ্রিল্যান্সিং। ঘরে বসে প্রযুক্তির সাহায্যে আয় করা যায় বলে কিশোর-তরুণদের মধ্যে ফ্রিল্যান্সিং সবচেয়ে জনপ্রিয়। তবে অনেকে আবার দ্বিধায় থাকেন কীভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং যাত্রা। নতুনদের জন্য রমজান হতে পারে ফ্রিল্যান্সিং শুরুর সুবর্ণ সুযোগ।
যে কারণে সেরা সময় রমজান
ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আগে কাজে দক্ষতা অর্জন, পোর্টফোলিও তৈরি, অ্যাকাউন্ট খোলা, অভিজ্ঞতার জন্য অতিরিক্ত সময় ও শ্রম দিতে হয়। স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয় খোলা থাকা অবস্থায় এই অতিরিক্ত সময় ব্যয় করা বেশ কঠিন হয়ে পড়ে। আবার রমজানের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির সময়কে কেন্দ্র করে এ সময় শুরু হয় ফ্রিল্যান্সিং শেখার বিভিন্ন স্বল্পমেয়াদি অনলাইন কোর্স। ঘরে বসে এই অবসর সময়ে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে নিজেকে দক্ষ এবং স্বাবলম্বী করে তোলা যায় সহজে।
যেভাবে হয়ে উঠবেন ফ্রিল্যান্সার
বিষয় নির্বাচন করুন
ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। এর মধ্যে কিছু কাজ কঠিন, কিছু আবার সহজ। কিশোর-তরুণদের মধ্যে ডেটা এন্ট্রি, কনটেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, প্রেজেন্টেশন তৈরি ও প্রযুক্তি খাতের বিভিন্ন কাজ জনপ্রিয়। সবার আগে নিজের পছন্দ ও যোগ্যতা বিবেচনা করে কাজ নির্বাচন করুন। একসঙ্গে অনেক কাজ শেখার চেষ্টা না করে প্রথমে দু-একটি কাজে দক্ষ হয়ে উঠুন। কাজ শেখার জন্য বিভিন্ন অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন। অথবা পরিচিত সফল তরুণ ফ্রিল্যান্সারদের পরামর্শ ও সাহায্য নিতে পারেন।
প্রজেক্ট তৈরি করুন
আপনি যে কাজগুলোতে দক্ষ সেগুলোর ওপর কিছু প্রজেক্ট তৈরি করুন। এতে করে আপনার দক্ষতা বৃদ্ধি ও পরিপূর্ণ হবে। তা ছাড়া পোর্টফোলিওতে যুক্ত করার জন্যও নিজের কিছু প্রজেক্ট তৈরি করতে হবে।
পোর্টফোলিও তৈরি করুন
পোর্টফোলিও হলো আপনার দক্ষতা নির্ণয়ের পরিচয়পত্র। এতে আপনার সব কাজ বা প্রজেক্টগুলো সাজানো থাকবে। অনলাইনে এই পোর্টফোলিও দেখার মাধ্যমেই কাজ দেওয়া হয়। তাই একটি নিরাপদ, শক্তিশালী পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করুন।
অ্যাকাউন্ট তৈরি করুন
কিশোর-তরুণদের জন্য জনপ্রিয় কিছু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম পিপল পার আওয়ার, ট্রুল্যান্সার, ফাইভার, সিম্পলি হায়ার্ড প্রভৃতি। পোর্টফোলিও তৈরির পর এবার আপনার কাজের জায়গা অনুযায়ী যেকোনো একটি প্ল্যাটফর্মে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করুন। পড়াশোনার ক্ষতি না করে সীমিত পরিসরে এর মাধ্যমে কাজ করুন।