পাখি মানেই রং, সুর আর প্রাণবন্ততা। ঘরে একটি পোষা পাখি থাকলে ঘরটাই যেন অন্যরকম লাগে। অনেক কিশোর-কিশোরী এখন পোষা পাখিকে নিজের সঙ্গী হিসেবে রাখে। কিন্তু শুধু খাঁচায় রেখে খাবার দিলেই দায়িত্ব শেষ নয়—একটি পাখির যত্ন নিতে হলে জানতে হয় তার প্রয়োজন, অভ্যাস ও আরামদায়ক পরিবেশ সম্পর্কে। বিস্তারিত জানাচ্ছেন তাসলিমা নীলু
পাখি কেনার আগে ভাবো
পাখি পোষা মানে একটি জীবনের দায়িত্ব নেওয়া। তাই কেনার আগে জানতে হবে তুমি কতটা সময় দিতে পারবে, পাখিটি কতদিন বাঁচে, কী খায় এবং কতটা যত্ন দরকার। সবাই তোতাপাখি বা লাভবার্ড পোষে বলে তোমাকেও লাভবার্ড পুষতে হবে এমনটা ভাবার দরকার নেই— নিজের সুবিধা ও পরিবেশ বুঝে পাখি নির্বাচন করাই ভালো।
আরামদায়ক বাসা তৈরি করো
পাখির জন্য খাঁচা এমন হতে হবে যেখানে সে সহজে উড়তে ও নড়াচড়া করতে পারে। খুব ছোট খাঁচায় পাখি মানসিকভাবে কষ্ট পায়। খাঁচার ভেতরে একটি বা দুটি কাঠের দণ্ড রাখো, যাতে সে বসতে পারে। খাঁচা রাখো এমন জায়গায় যেখানে আলো ও বাতাস আছে, কিন্তু সরাসরি রোদ বা ঠাণ্ডা বাতাস না লাগে। রাতে পাখিটিকে শান্ত ও অন্ধকার জায়গায় রাখলে সে ভালো ঘুমাবে।
খাবার ও পানি নিয়মিত দাও
পাখিকে প্রতিদিন তাজা খাবার ও পরিষ্কার পানি দিতে হবে। বেশির ভাগ পাখি দানাশস্য খেতে পছন্দ করে, তবে মাঝে মাঝে ফল, শাকসবজি ও ডিমের সেদ্ধ অংশ দিলে ওদের শরীর ভালো থাকবে। কখনও নষ্ট বা বাসি খাবার দেবে না— এতে পাখি অসুস্থ হতে পারে।
পরিচ্ছন্নতা সবচেয়ে জরুরি
পাখির খাঁচা সপ্তাহে অন্তত তিনবার পরিষ্কার করো। খাঁচার নিচে জমে থাকা ময়লা, পাখির বিষ্ঠা বা ছড়ানো দানা পরিষ্কার না করলে জীবাণু জন্মায়, যা পাখির জন্য ক্ষতিকর। পানির পাত্র প্রতিদিন ধুয়ে দাও। পাখিকে গোসলের সুযোগ দিতে পারো— একটি ছোট পাত্রে হালকা পানি রেখে দাও, দেখবে সে আনন্দে পানি ছিটিয়ে গোসল করছে।
পাখির সঙ্গে কথা বলো
পাখি সামাজিক প্রাণী, একা থাকলে বিষণ্ন হয়ে পড়ে। তাই প্রতিদিন কিছু সময় তার সঙ্গে কথা বলো, ডাকে সাড়া দাও। এতে সে তোমার কণ্ঠ চিনে নেবে এবং তোমার উপস্থিতিতে স্বস্তি পাবে। তোতাপাখি বা লাভবার্ড হলে কিছু কথা শেখানোও যেতে পারে, তবে জোর করে নয়— ভালোবাসা দিয়ে চেষ্টা করো।
অসুস্থ হলে কী করবে
যদি দেখো পাখি হঠাৎ খাওয়া বন্ধ করে দিয়েছে, ডানাগুলো ঝুলে আছে, বা চোখ ফোলা— তা হলে দ্রুত পশু চিকিৎসকের কাছে নিয়ে যাও। নিজে থেকে ওষুধ না দেওয়া ভালো। কারণ ভুল ওষুধ ক্ষতি করতে পারে।
ভালোবাসা আর দায়িত্ব
পোষা পাখি শুধু বিনোদনের জন্য নয়, এটি এক ধরনের বন্ধুত্ব। সে তোমার সঙ্গে কথা বলতে পারে না, কিন্তু তোমার যত্ন আর ভালোবাসা সে টের পায়। তাই কখনো খাঁচা ঝাঁকিও না, ভয় দেখিও না বা জোরে আওয়াজ করো না। তার জন্য প্রতিদিন কিছুটা সময় রাখো— এটাই হবে তোমার দায়িত্ব আর ভালোবাসার প্রকাশ।
শেষ কথা
একজন কিশোর বা কিশোরী হিসেবে পোষা পাখির যত্ন নেওয়া মানে দায়িত্বশীল হতে শেখা। নিয়মিত খাবার দেওয়া, পরিষ্কার রাখা, সময় দেওয়া—এই ছোট ছোট কাজ তোমার ভেতরে যত্নশীল মনোভাব তৈরি করবে। মনে রেখো, পাখি শুধু খাঁচার প্রাণ নয়, সে তোমার জীবনের আনন্দেরও অংশ। তার প্রতি ভালোবাসা মানেই জীবনের প্রতি ভালোবাসা।