ছুটির দিনে দর্শনার্থীদের ভীড় বাড়ায় বঙ্গবন্ধু টানেলের দুই প্রান্তে যানজট তৈরি হয়েছে।এতে করে তিন মিনিটের টানেল পার হতে সময় লেগেছে ৩০ মিনিট বা তারও বেশি।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে টানেলের পতেঙ্গা ও আনোয়ারা উভয়প্রান্তে আধা কিলোমিটার জুড়ে এ যানজট তৈরি হয়।
জানা যায়, অন্যান্য দিনের তুলনায় শুক্রবার দর্শনার্থীদের চাপ ছিল বেশি। তার উপর ছিল পণ্যবাহী ট্রাক, বাসের চাপ। টোল নিতে হিমশিম খাচ্ছিলেন কর্মীরা। আর এতেই লেগে যায় যানজট। আনোয়ারা ও পতেঙ্গা টানেলের উভয়প্রান্তে প্রায় আধা কিলোমিটার জুড়ে যানজটে দাঁড়িয়ে থাকে বিভিন্ন ধরনের গাড়ি।
জানতে চাইলে টানেলের টোল ম্যানেজার বেলায়েত হোসেন খবরের কাগজকে বলেন, আজ ছুটির দিনে গাড়ির চাপ বেশি থাকায় বিকেলে যানজট তৈরি হয়েছিল। এখন সব স্বাভাবিক আছে।
উল্লেখ্য, কর্ণফুলী নদীর দুই তীরে চীনের সাংহাই সিটির আদলে ‘ওয়ান সিটি টু টাউন’ গড়ে তুলতে টানেল প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয় ২০১৭ সালে। এর আগে ২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং যৌথভাবে বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথম টানেল টিউব নির্মাণকাজের উদ্বোধন করেন। এর মধ্য দিয়েই মূল কর্মযজ্ঞ শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী টানেলটির উদ্বোধন করেন।
এমএ/এআর