ঢাকার মহাসমাবেশ, হরতাল ও অবরোধকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরসহ জেলার বিভিন্ন থানায় গত বৃহস্পতিবার ও শুক্রবার এ পর্যন্ত বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট ৪৮টি মামলা করেছে পুলিশ। এ ছাড়া এসব মামলায় সাত শতাধিক নেতা-কর্মী আটক হয়েছে বলে শনিবার (১১ নভেম্বর) বিএনপির এক বিবৃতিতে জানানো হয়।
চট্টগ্রাম মহানগরে থানারগুলোর মধ্যে চান্দগাঁও থানায় ১টি, পাঁচলাইশ থানায় ১টি, বায়েজিদ থানায় ৩টি, আকবর শাহ থানায় ২টি, খুলশী থানায় ৩টি, পাহাড়তলী থানায় ১টি, ইপিজেড থানায় ১টি, কোতোয়ালি থানায় ১টি, হালিশহর থানায় ১টি, পতেঙ্গা থানায় ১টি ও সদরঘাট থানায় ১টিসহ মোট ১৬টি মামলা দায়ের করেছে। এসব মামলায় গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত আরও ২০ জনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মোট ৩৪০ জন বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এস কে হুদা তোতন, মো. শাহ আলম, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাশেম, মনজুর আলম চৌধুরী মঞ্জু ও মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তিসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রামের উত্তর জেলায় শুক্রবার রাতে হাটহাজারী থানায় দায়ের করা মামলাসহ মোট মামলা হয়েছে ১৯টি এবং গ্রেপ্তার হয়েছেন ২১০ জন। অন্যদিকে দক্ষিণ জেলায় ১৩টি মামলায় গ্রেপ্তার হয়েছে প্রায় ১৮০ জন নেতা-কর্মী। যা নিয়ে চট্টগ্রামে মোট গ্রেপ্তার হয়েছে প্রায় ৭৩০ জন বিএনপি নেতা-কর্মী।
এদিকে শান্তিপূর্ণ অবরোধকে কেন্দ্র করে পুলিশের গণগ্রেপ্তার, মামলা ও গণবিরোধী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতারা। আজ রবিবার সকাল থেকে শুরু হওয়া বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধ কর্মসূচি, পুলিশের গণগ্রেপ্তার উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে পালনের জন্য চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানান।
আগামী নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের গণগ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।
এমএ/