লক্ষ্মীপুরে প্রশাসনের অনুমতি না মেলায় দুই শতাধিক বছরের প্রাচীন দেওয়ানশাহের মেলা এবার হচ্ছে না।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
দুই শ বছরেরও অধিক সময় ধরে প্রতি বছর পহেলা মাঘ থেকে সপ্তাহব্যাপী সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে মরহুম শাহ সুফী দেওয়ানশাহ (র.)-এর মাজার প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। এ মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা কাঠ ও স্টিলের আসবাবপত্র, কসমেটিকস, খেলনা ও খাদ্যদ্রব্য, শীতের জামা কাপড় ও গৃহস্থালিসামগ্রী এনে বিক্রি করে থাকেন। এবারও তার কমতি হয়নি।
এবারও পৌষ মাসের শেষ সপ্তাহ থেকে বগুড়া, নরসিংদী, খুলনা, নোয়াখালী ও স্থানীয় তিন হাজারের অধিক ব্যবসায়ী তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন, কিন্তু জেলা প্রশাসনের কাছে মেলা আয়োজক কমিটি অনুমতি চাইলেও অনুমতি দেয়নি প্রশাসন।
কারণ হিসেবে জেলা প্রশাসন উল্লেখ করেন- বর্তমান প্রশাসন এখনো নির্বাচন কমিশনের অধীনে থাকায় এবং মেলার আয়োজনসহ বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকায় মেলার অনুমতি দেওয়া সম্ভব নয়।
মেলা কমিটির সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহাম্মদ খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মেলার অনুমতি না পাওয়ায় পণ্য নিয়ে আসা ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
নরসিংদী থেকে আসা ফার্নিচার ব্যবসায়ী নুরুজ্জামান খবরের কাগজকে জানান, প্রায় ৮০ হাজার টাকা ট্রাক ভাড়া দিয়ে এই মেলায় খাট ও শোকেজ নিয়ে এসেছেন। আনা আসবাবপত্র প্রায় ৫০ লাখ টাকা বিক্রি হবে বলে আশা ছিল। মেলার অনুমতি না মেলায় তিনি এখন হতাশ হয়ে পড়েছেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক খবরের কাগজকে জানান, মেলার অনুমতি জেলা প্রশাসন দিয়ে থাকে। এবার জেলা প্রশাসন মেলার অনুমতি না দেওয়ায় থানা-পুলিশের পক্ষ থেকে মেলায় আগত ব্যবসায়ীদের তাদের মালামাল নিয়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
রফিকুল ইসলাম/জোবাইদা/অমিয়/