চট্টগ্রামে ধরা পড়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট জিএন-১। গত দুদিনে চট্টগ্রামে নতুন করে চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কোভিড আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুটি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের করোনা শনাক্ত করা হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (২২ জানুয়ারি) চট্টগ্রামে সাতটি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের করোনা পজিটিভ। এদের মধ্যে একজন নগরের, একজন জেলার সাতকানিয়া উপজেলার, একজন কর্ণফুলী উপজেলার।
এদিকে নতুন করে আবারও করোনা শনাক্ত হওয়ায় নগর ও জেলা হাসপাতালগুলোর বিশেষায়িত ওয়ার্ড প্রস্তুত রাখা হচ্ছে। বর্তমানে কোভিড-১৯-এর জিএন-১ নামে একটি ধরনে আক্রান্ত হচ্ছেন রোগীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চমেক হাসপাতালে ভর্তি ষাটোর্ধ্ব দুই রোগীর প্রথমে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাদের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তাদের কোভিড শনাক্ত হলে কোভিড আইসিইউ ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান খবরের কাগজকে বলেন, ‘হাসপাতালে দুই রোগীর করোনা শনাক্ত হয়েছে। তাদের হাইফ্লো ন্যাজল ক্যানুলা দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে। গত রবিবার তাদের অবস্থা একটু খারাপ ছিল। বর্তমানে তাদের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।’
করোনা রোগীর জন্য চমেক হাসপাতালে পৃথক ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘এখন আবার করোনা শনাক্ত হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন রোগী পাওয়া গেছে। তাই হাসপাতালগুলোর বিশেষায়িত ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। এখন থেকে সবাইকে মাস্ক পরে চলাফেরা করতে হবে। এ ব্যাপারে আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি।’
২০২০ সালের ৮ মার্চ করোনা শুরুর পর থেকে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয় ১ লাখ ২৯ হাজার ৬৪০ জন। এর মধ্যে মহানগরে আক্রান্ত হয় ৯৪ হাজার ৫৫৪ জন এবং ১৫ উপজেলায় ৩৫ হাজার ৮৬ জন। ইতোমধ্যে চট্টগ্রামে মোট মারা গেছেন ১ হাজার ৩৭১ জন। তার মধ্যে মহানগরে ৭৩৮ জন ও ১৫ উপজেলায় ৬৩৩ জন।
মনির/ইসরাত চৈতি/অমিয়/