কুমিল্লার বরুড়ায় শরিফ উদ্দিন নামে এক পল্লীবিদ্যুৎ কর্মকর্তাকে হত্যার দায়ে তার স্ত্রীকে যাবজ্জীবন এবং তার পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। একই সঙ্গে দণ্ডিত দুইজনকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
রায়ের বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন কুমিল্লা জেলা জজ আদালতের সহকারী পিপি মো. আবু ইউসুফ মুন্সী।
মামলায় দণ্ডিত আসামিরা হলেন- জেলার কামারখন্দের ভদ্রঘাট এলাকার শরিফের স্ত্রী মোনালিসা হিমু এবং তার প্রেমিক বরুড়ার ঝলমের চেঙ্গাছাল এলাকার মো. আশিকুজ্জামান।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৫ জানুয়ারি রাতে বরুড়ার পল্লীবিদ্যুৎ সমিতি ১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফকে তার ভাড়ায় থাকা বাসায় হত্যা করেন হিমু ও আশিকুজ্জামান। পরদিন ডাকাতির ঘটনা সাজিয়ে থানায় ডাকাতি ও হত্যামামলা করেন হিমু। পরে জেলা গোয়েন্দা পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা জানা যায়। এতে মামলার চার্জশিটে আসামি করা হয় হিমু ও আশিকুজ্জামানকে।
সহকারী পিপি আবু ইউসুফ মুন্সী খবরের কাগজকে বলেন, ‘শরিফের স্ত্রী হিমু তার প্রেমিকের সহযোগিতায় স্বামীকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। এতে রক্তক্ষরণ হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষ ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন এবং হিমু ও আশিক দোষী প্রমাণিত হয়। তবে হিমুর তিনটি নাবালক সন্তান থাকায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও আশিকুজ্জামানকে মৃত্যুদণ্ড দেন।’
জহির/পপি/অমিয়/