চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় ১ সপ্তাহ ধরে পাহাড় কেটে ইটভাটায় মাটি নিয়ে যাচ্ছিল একটি চক্র। এতে ওই এলাকার পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকিতে পড়ে। ইতোমধ্যে পাহাড়ের গোড়ার বিশাল একটি অংশ কেটে ফেলেছে চক্রটি।
খবর পেয়ে বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের গড়িয়াইশ এলাকায় অভিযান চালিয়ে ইটভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
এ সময় পাহাড়ের মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি স্কেভেটর জব্দ করা হয়। একই সঙ্গে ইটভাটার মালিক মাহমুদুল হকের ছেলে মো. আবদুল্লা আল ফয়সালকে আটক করা হয়।
আটক আবদুল্লা আল ফয়সাল জানান, ইটভাটার জন্য স্থানীয় দুই ব্যক্তি থেকে মাটি কিনে নিতেন তারা। গত এক সপ্তাহ ধরে তারা ইটভাটায় মাটি সরবরাহ করে আসছে কিন্তু কিভাবে কোথা থেকে মাটি সরবরাহ করা হচ্ছিল তা তিনি জানতেন না।
যদিও ফয়সালের না জানার দাবি সম্পূর্ণ অযৌক্তিক। কেননা সরেজমিনে দেখা গেছে, ইটভাটা থেকে পাহাড় কাটার দূরত্ব মাত্র ৫০০ গজ। গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাতের আঁধারে তিনটি স্কেভেটর দিয়ে পাহাড়ের গোড়ার মাটি থেকে এসবিকে ইটভাটায় দেওয়া হচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, নির্বিচারে স্কেভেটর দিয়ে পাহাড়ের গোড়ার মাটি কাটায় আগামী বর্ষায় পাহাড় গুলো ধসে পড়তে পারে। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনটি স্কেভেটর জব্দ করেছি। এ সময় ভাটায় মাটির নেওয়ার কারণে মো. আবদুল্লা আল ফয়সাল নামে একজনকে আটক করে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইফতেখার/অমিয়/