লক্ষ্মীপুরের রায়পুরে নির্বাচন অফিসের সার্ভারে তছলিম উদ্দিন (৭৫) নামের এক ব্যক্তিকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্রটি স্থগিত করা হয়েছে। হজের নিবন্ধন করার জন্য অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাছাই করতে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন।
জীবিত থাকার পরও কে বা কারা তাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন এ বিষয়ে কিছুই জানেন না তছলিম উদ্দিন। এ ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের হাজিবাড়ির বাসিন্দা তছলিম উদ্দিন জানান, হজের নিবন্ধন করার জন্য তিনি স্থানীয় একটি কম্পিউটারের দোকানে যান। সেখানে জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি না পেয়ে গত বুধবার সকালে উপজেলা নির্বাচন অফিসে যান। নির্বাচন অফিসের সার্ভারে যাছাই করে জানা যায়, মারা যাওয়ায় তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্রটি স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আলম বলেন, ‘একটি চক্র এসব অপরাধের সঙ্গে জড়িত। জাতীয় পরিচয়পত্রে আবার জীবিত দেখানোর জন্য তছলিম উদ্দিনকে একটি প্রত্যয়নপত্র দিয়ে ঢাকার আগারগাঁও নির্বাচন অফিসে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাওলাদার নূরে আলম জিকু বলেন, ‘তছলিম উদ্দিন এলাকার একজন পরিচিত মুখ। আমাদের পরিষদের মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারসহ কোনো কাগজপত্রে তার মারা যাওয়ার ডকুমেন্ট নেই। নির্বাচন অফিসের সার্ভারে কিভাবে তাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তা বোধগম্য নয়। তছলিম উদ্দিন জীবিত আছেন এমন একটি প্রত্যয়নপত্র দিয়েছি।’
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের একটি প্রত্যয়নপত্র ও উপজেলা নির্বাচন কর্মকর্তার দেওয়া প্রত্যয়নপত্র আগারগাঁও নির্বাচন অফিসে জমা দিয়েছেন বলে জানিয়েছেন তছলিম উদ্দিন।