চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে সিআরবির শিরীষতলায় অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন তিনি।
রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চট্টগ্রামে বইমেলার জন্য জনসাধারণের প্রচুর আগ্রহ। তাই আমরা প্রাকৃতিক সৌন্দর্যের সিআরবিতে বইমেলার আয়োজন করেছি। উদ্বোধনের দিনই লাখো দর্শনার্থী ভিড় জমাচ্ছেন। এই বইমেলাকে কেন্দ্র করে বইপ্রেমীদের প্রচুর আগ্রহ। প্রকাশকদের প্রচুর প্রেরণা। আমি আশা করছি এই বইমেল সারা দেশে সাড়া ফেলবে।’ তিনি আরও বলেন, ‘যুব সমাজ মাদকের নেশায় মত্ত না থেকে বইয়ের নেশায় মত্ত থাকবে। বই হবে চট্টগ্রামের মানুষের সঙ্গী।’
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন বইমেলার আহ্বায়ক নেছার উদ্দিন আহমেদ মঞ্জু। চট্টগ্রামে এবারের মেলায় ৯২টি প্রকাশনার ১৫৫টি স্টল রয়েছে। এর মধ্যে ৪৫টি প্রকাশনা ঢাকার, বাকিগুলো চট্টগ্রামের। মাসব্যাপী এ মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।