কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অটোরিকশার যাত্রী। এ ছাড়াও দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-চাঁদপুর সড়কের মহানন্দ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক দাউদকান্দি উপজেলার দরজখোলা গ্রামের অহিদ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (২৮), আলেয়াখোলা গ্রামের শরাফত আলীর স্ত্রী শাহনাজ (৬৫) ও ছেলে ছফিউল্লাহ (২৪), দক্ষিণনগর গ্রামের রুহুল আমিনের ছেলে মনিরুজ্জামান (৪২) ও একই গ্রামের চিত্তরঞ্জন মণ্ডলের ছেলে পীযূষ মণ্ডল (৩০)।
তাদের মরদেহ গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
আহত দুজন হলেন- দাউদকান্দির আঙ্গাউড়া গ্রামের বাসিন্দা সাদিয়া (২০) ও শরীফ (৫)। আহত দুজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরিপুর) নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক খবরের কাগজকে জানান, দাউদকান্দি উপজেলা থেকে চাঁদপুর-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ছাড়াও আহত হয়েছেন আরও দুইজন। হতাহতরা সকলেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
তিনি বলেন পাঁচজনের মরদেহ গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অটোরিকশাটি হেফাজতে নেওয়া হয়েছে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে সেখান থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। এ ছাড়াও আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনের মৃত্যু হয় বলে জানতে পেরেছি।
জহির শান্ত/ইসরাত চৈতি/অমিয়/