চিটাগাং চেম্বার ও সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনালের (এসসিআইটিপি) যৌথ উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম আইটি ফেয়ার আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হবে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
চট্টগ্রামে পঞ্চমবারের মতো তিন দিনব্যাপী এই মেলা আয়োজিত হতে যাচ্ছে।
আগামী ১৭ ফেব্রুয়ারি নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মেলা শুরু হয়ে চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই মেলা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসসিআইটিপির প্রেসিডেন্ট আবদুল্লাহ ফরিদ।
তিনি বলেন, ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিচতলায় টেম্পোরারি এক্সপো সেন্টারে চেম্বারের উদ্যোগে প্রতি বছর সেক্টরভিত্তিক বিভিন্ন মেলার আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে এই ভেন্যুতে অনেকগুলো মেলা সফলভাবে আয়োজন করা হয়েছে এবং সবার ব্যাপক সাড়া পাওয়া গেছে।’
আগামী ১৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন।
মেলায় দর্শনার্থীদের প্রবেশ ফ্রি। এই মেলায় দেশি-বিদেশি প্রায় ৪০টি প্রতিষ্ঠান ৬০টির মতো স্টল নিয়ে অংশগ্রহণ করছে।
চট্টগ্রামে এটিই প্রথম আইটি সল্যুশন বেইজড মেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে এখন পর্যন্ত সফলভাবে আয়োজিত হচ্ছে।
ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও আয়ারল্যান্ডের মালিকানাধীন আইটি ও সল্যুশন বেইজড প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। এই মেলায় প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে থাকছে এফ-ফাইভ, গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ডিডিএন ও সিলভার স্পন্সর হিসেবে থাকছে সফোস।
টেকনোলজি পার্টনার হিসেবে থাকছে লিংথ খ্রি।
মেলা প্রাঙ্গণে তারা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করবে।
এ ছাড়া সাইবার সিকিউরিটি পার্টনার হিসেবে অংশগ্রহণ করছে বিটলস সাইবার সিকিউরিটি লিমিটেড।
সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ, পরিচালক এম আক্তার হোসেন, এসসিআইটিপির ভাইস প্রেসিডেন্ট তামিম আল হেলাল, ওহিদ সিরাজ স্বপন, সাইফুল ইসলাম মাহিন প্রমুখ।
সাত্তার/পপি/অমিয়/