চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, ‘জীবনযুদ্ধে জয়ী হতে হলে অধ্যবসায় ও ধৈর্যধারণ করতে হবে। বুকে সৎ সাহস, কঠোর মনোবল অভীষ্ট লক্ষ্যে পৌঁছার দৃঢ়তা যাদের আছে, তারাই জীবনে সফলতা অর্জন করেছে।’
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত ও পরিচালিত মনছুরাবাদ কেজি অ্যান্ড হাইস্কুলের ২৫ বছর পূর্তি ও রজতজয়ন্তী উদযাপন পরিষদের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
সাবেক এই মেয়র বলেন, ‘তার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের মনোবল অটুট রেখে দেশ ও জাতির কল্যাণে নিজেদের উজাড় করে দিতে হবে। আমরা কেজি স্কুল, প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, ডিগ্রি কলেজ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, ফোনকানিয়া মাদ্রাসা, মসজিদসহ ১০৩টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে পরিচালনা করে যাচ্ছি। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতি বছর শত শত শিক্ষার্থী বের হয়ে দেশ ও বিদেশে ছড়িয়ে পড়ছে। একই ছাতার নিচে শিশুশ্রেণি থেকে অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জন করার মতো সুযোগ আমরা করে দিয়েছি।’
তিনি প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘দেশকে ভালোবাসুন, দেশকে গড়ে তুলুন। তা হলেই আপনি একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবেন।’
মতবিনিময় শেষে প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষা ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
ইফতেখারুল ইসলাম/সাদিয়া নাহার/অমিয়/