তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বন্দর নগরী চট্টগ্রামকে দেশের ভবিষ্যৎ সিলিকন সিটির আদলে রূপান্তরিত করা হবে। এ লক্ষ্যে চট্টগ্রামে আইসিটি ইনকিউবেটর ও শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেশন সেন্টার চালু করা হয়েছে।’
শনিবার (১৭ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালসের (এসসিআইটিপি) যৌথ আয়োজনে ৩ দিনব্যাপী ৫ম চট্টগ্রাম আইটি ফেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ফ্রিল্যান্সাররা তথ্যপ্রযুক্তি সেবা প্রদানের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করতে পারবেন। ফ্রিল্যান্সাররা নিজেরা উদ্যোক্তা হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।’
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীতে চট্টগ্রাম নগরীতে ১৭০ কোটি টাকা ব্যয়ে নলেজ পার্ক স্থাপন করা হচ্ছে। যেখানে একাডেমিক ও ইন্ডাস্ট্রিয়াল কলাবোরেশনের মাধ্যমে দক্ষ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা সৃষ্টি হবে।’
চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সোসাইটি অব আইটি প্রফেশনালসের সভাপতি আবদুল্লাহ ফরিদ ও প্লাটিনাম স্পন্সর এফ-ফাইভর রিজিওনাল ম্যানেজার শিপন কুমার বণিক ও সফোজর কান্ট্রি ম্যানেজার এ এইচ এম মহসিনসহ অন্যরা।
এবারের আইটি ফেয়ারে অংশগ্রহণ করছে ৪০টির মতো প্রতিষ্ঠান। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, যুক্তরাস্ট্র, যুক্তরাজ্য, চীন ও আয়ারল্যান্ডের মালিকানাধীন আইটি ও সল্যুশন বেইজড প্রতিষ্ঠান রয়েছে।