চট্টগ্রামে ফার্নিচার নির্মাণশ্রমিক, কারিগরদের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুই দিনে প্রায় ১ হাজার ৫০০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হবে।
চট্টগ্রামের সর্ববৃহৎ ফার্নিচার নির্মাণ অঞ্চল বলিরহাটে শুরু হওয়া এই চিকিৎসা ক্যাম্পে ঢাকা ও চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নিচ্ছেন।
শেলটেক আয়োজিত চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাইন্ডটেক লিমিটেডের ডিরেক্টর অ্যান্ড সিইও সাইফুল হাসান রিকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর এম আশরাফুল আলম, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহসভাপতি মো. আজম খান, অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন, বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী ও নির্মাতা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ওসমান গণি সুমন এবং বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী ও নির্মাতা সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনসুরুল আলম।
বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী ও নির্মাতা সমবায় সমিতির সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সাইফুল হাসান রিকু বলেন, ‘ফার্নিচার নির্মাণ উপকরণের অধিকাংশই এক সময় বিশ্ববাজার থেকে আমদানি করতে হতো। বর্তমানে দেশেই বিশ্বমানের কাঁচামাল, কেমিক্যালসহ বিভিন্ন পণ্য উৎপাদন হচ্ছে। ফার্নিচার নির্মাণের উপকরণ ব্যবহারের মাধ্যমে কারিগর, শ্রমিকরা নানা শারীরিক অসুখে ভোগেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গ্রাউন্ডটেক দেশের ঐতিহ্যবাহী বলিরহাটে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে। আগামীতেও ফার্নিচার নির্মাণ খাত সংশ্লিষ্টদের জন্য শেলটেক নানামুখী কার্যক্রম পরিচালনা করবে।’
ইফতেখারুল ইসলাম/সাদিয়া নাহার/অমিয়/