চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৃথক অভিযানে ৭১৬ গ্রাম সোনার চালান জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। জব্দ করা এসব সোনার বাজারমূল্য প্রায় ৬২ লাখ ১ হাজার ৫০২ টাকা।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ও সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এসব অভিযান চালানো হয়।
জানা গেছে, সোমবার সকালে শাহ আমানত বিমানবন্দরে দুবাই এয়ারলাইন্সের এফজেড-৫৬৩ ফ্লাইটটি অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে বিমানের যাত্রী চট্টগ্রামের চকরিয়ার বাসিন্দা আবদুর রহিমের ব্যাগেজ তল্লাশি করে জুস মেশিন ও ব্যায়ামের যন্ত্রাংশের ভেতর ২৪ ক্যারেটের ৩৯৩ গ্রাম ওজনের দণ্ডাকৃতির স্বর্ণ ও ২২ ক্যারেটের ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। সবমিলিয়ে এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪২ লাখ ৮৭ হাজার ২৭০ টাকা।
এর আগে রবিবার বিকেল সাড়ে ৪টায় আমিরাতের শারজাহ থেকে বিমানবন্দরে এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটটি অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রী বাঁশখালীর বাসিন্দা মোহাম্মদ আতিকুল্লার ব্যাগ তল্লাশি করলে সিলিকন গ্লু হিটার মেশিনের লোহার পাতের ভেতরে ২২৩ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের দুটি স্বর্ণপিণ্ড জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১৯ লাখ ১৪ হাজার ২৩২ টাকা।
বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বিজন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৭১৬ গ্রাম ওজনের সোনার চালান জব্দ করা হয়। জব্দ করা এসব সোনা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে।
তারেক/সালমান/